দুর্নীতি কমালে বিনিয়োগ দ্বিগুণেরও বেশি বাড়াবে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিমন্ত্রী ইয়ান ম্যাকার্টনি বলেছেন, অর্থনৈতিক সুশাসন, দুর্নীতি রোধ ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হলে আগামী ১০ বছরে বিনিয়োগ দ্বিগুণেরও বেশি বাড়ানো হবে।
প্রতিমন্ত্রী বলেছেন, শর্ত পূরণ করা হলে ব্রিটেন বাংলাদেশে তাদের বিনিয়োগ ৩১ হাজার ২০০ কোটি টাকা (২ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড স্টার্লিং) থেকে বাড়িয়ে ৭৮ হাজার কোটি টাকা (৬ বিলিয়ন পাউন্ড স্টার্লিং) উন্নীত করবে। তিনি আরো বলেন, এ সুযোগ গ্রহণ করা বা না করার বিষয়টি বাংলাদেশের ওপর নির্ভর করছে।
বৃহস্পতিবার বারিধারায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী উপস্থিত ছিলেন।
ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি রোধ ও অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশের পরবর্তী সরকারকে আন্তরিকভাবে ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।
ম্যাকার্টনি বলেন, ব্রিটিশ বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে চান এবং বাংলাদেশ নিয়ে তারা বেশ আশাবাদী। কিন্তু আমলাতন্ত্র, দুর্নীতি ও অর্থনৈতিক সুশাসনের অভাব মাঝে মধ্যেই তাদের হতাশ করে। এর পরিবর্তন না হলে বিনিয়োগকারীরা এ দেশ ছেড়ে এশিয়ার অন্য কোনো দেশকে বেছে নিতে পারে।
সাংবাদিকদের তিনি বলেন বাণিজ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, প্রতিরক্ষা, মানবাধিকার, সন্ত্রাস দমনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরো মজবুত করতে যুক্তরাজ্য অঙ্গীকারাবদ্ধ।
ইয়ান ম্যাকার্টনি বুধবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামী ও এলডিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এছাড়াও তিনি বিভিন্ন এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরো জোরদারে করণীয় বিষয়ে এসব বৈঠকে আলোচনা হয়েছে বলে ব্রিটিশ মন্ত্রী জানান।
তিনি বলেন, বাংলাদেশ এখন একটি কঠিন সময় অতিক্রম করছে।
আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে আয়োজনে রাজনৈতিক নেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন বলে ইয়ান ম্যাকার্টনি জানান। এটা বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি ও মানব সম্পদ উন্নয়নের জন্যও জরুরি বলে মন্তব্য করেন তিনি।
মানবাধিকার সমুন্নত রাখতেও রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান ব্রিটিশ মন্ত্রী। তাদের সঙ্গে বৈঠকে বিচার বহির্ভূত হত্যার প্রসঙ্গটিও আলোচিত হয়েছে বলে তিনি জানান।
তিনি আগামী দিনগুলোতে সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্যও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
(*১ ব্রিটিশ পাউণ্ড =১৩০ টাকা)
