পোলিও টিকা দান কর্মসূচি ২৫ নভেম্বর ও ২৩ ডিসেম্বর
চৌদ্দতম জাতীয় টিকা দিবস পালন কর্মসূচি শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর।
ওই দিন টিকা দানের প্রথম রাউন্ড ও ২৩ ডিসেম্বর দ্বিতীয় রাউন্ড পালন করা হবে।
স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক সুফিয়া রহমান বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এই কর্মসূচির আওতায় দেশের পাঁচ বছরের কমবয়সী প্রায় দুই কোটি ৪০ লাখ শিশুকে প্রতি রাউন্ডে দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে।
তবে প্রথম রাউন্ড টিকা থেকে কোনো শিশু বাদ পড়লো কিনা জানতে ২৬, ২৭, ২৮ ও ২৯ নভেম্বর বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন এবং বাদ পড়া শিশুদের টিকা দান করবেন স্বাস্থ্যকর্মীরা।
গ্রাম এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা এবং সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকা দানের এই কর্মসূচি চলবে।
প্রথম রাউন্ডে পোলিও টিকা ছাড়াও ১-৫ বছর বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন-এ ক্যাপসুল এবং ২-৫ বছর বয়সী শিশুদের একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
সারাদেশে টিকা দানের এই কর্মসূচি পালন করতে ব্যয় হবে প্রায় ৬৫ কোটি টাকা।
