২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও মৌলভীবাজারে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ছয়জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 03:03 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

চট্টগ্রাম ব্যুরো অফিস জানায়, সকাল সাড়ে ৭টার দিকে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক মহিলা ও এক সবজি বিক্রেতা ঘটনাস্থলেই মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একই পরিবারের দুজন নিহত এবং দুজন আহত হয়েছে।

নিহতরা হলেন কাঁচপুরের নুরুল ইসলাম (৩০) ও তার দেড় বছর বয়সী ছেলে রাহাত। এ ঘটনায় নুরুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (২২) এবং অপর ছেলে রাজু (৩) আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাক চালককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, ভোর ৫টায় মৌলভীবাজার-সিলেট মহাসড়কের তেলিজুড়ি এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের মধ্যে দুজনকে আশংকাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।