পাবনায় বোমা হামলা ও বন্দুকযুদ্ধে ৪ জন নিহত
পাবনায় মঙ্গলবার দুপুরে চরমপন্থী দল জনযুদ্ধ সদস্যদের বোমা হামলায় ও পরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছে।
বোমা হামলায় নিহতের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন চরমপন্থী দল লাল পতাকার সদস্য আমজাদ ওরফে বাচ্চু। তার গ্রামের বাড়ি জেলার চমরপুর।
র্যাব এর পাবনা জেলা কমান্ডিং অফিসার ক্যাপ্টেন শফিক জানান, দুপুর দুইটার দিকে সদর উপজেলার জালালপুর বাজারে প্রকাশ্যে দিবালোকে সশস্ত্র চরমপন্থীরা পর পর দুইটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই আমজাদ মারা যায়। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে এলে চরমপন্থী জনযুদ্ধ দলের সদস্যরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় বন্দুকযুদ্ধে মারা যায় জনযুদ্ধ দলের তিন সদস্য। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে পাবনা থানায় মামলা হয়েছে।
এদিকে বোমা হামলার ঘটনায় আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে র্যাব সদস্যরা দুলাল নামে একজনকে গ্রেপ্তার করেছে।
