২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেকোনো সময়ের তুলনায় পাহাড়ি জীবন এখন সঙ্কুচিত: সাক্ষাতকারে মনি স্বপন

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান বলেছেন, অন্য যেকোনো সময়ের তুলনায় পাহাড়ি আদিবাসী জনজীবন এখন সঙ্কুচিত। জানাচ্ছেন সিনিয়র প্রতিবেদক বিপ্লব রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিপ্লব রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 03:00 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

তিনি বলেন, “শান্তি চুক্তি স্বাক্ষরের নয় বছর পরও তা পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে সেনা কর্তৃত্ব আজও বহাল। বিদেশি গেরিলা গ্রুপের তৎপরতা অব্যাহত। আর সে সাথে রয়েছে বাঙালি জোতদারদের চাপ।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে সদ্যগঠিত এলডিপিতে আসা মনি স্বপন দেওয়ান এসব কথা বলেন।

মনি স্বপন বলেন, “গত পাঁচ বছরে জোট সরকার শান্তি চুক্তি বাস্তবায়নে তেমন কোনো আন্তরিকতাই দেখায়নি। উপমন্ত্রী হিসেবে আমাকে কাজ করতে দেওয়া হয়নি। বরং নানাভাবে হয়রানি ও বাধাগ্রস্ত করা হয়েছে। ফলে পাহাড়ের পরিস্থিতি হয়েছে আরও জটিল।”

তিনি বলেন, “তবে আমার নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে রাজনৈতিক হানাহানি-সন্ত্রাস ও অনুপ্রবেশ ঠেকাতে আমি সাধ্যমত চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি, তা জনগণ বিচার করবে।”

জনসংহতি সমিতির সাবেক গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর নেতা ‘মেজর রাজেশ’ থেকে বিএনপির মন্ত্রীত্ব, এখন আবার এলডিপিতে যোগদান-এই আদর্শিক তথা দলীয় অবস্থান প্রসঙ্গে মনি স্বপন বলেন, “আমার জনসংহতি সমিতিতে যোগদানের প্রেক্ষাপট ছিল ভিন্ন। পাহাড়ি আদিবাসী মানুষের জন্য সশস্ত্র সংগ্রাম করে আমি চেষ্টা করেছি অধিকার আদায়ের। পরে বিএনপিতে যোগ দেই প্রকাশ্যে জাতীয় রাজনীতিতে এসে পাহাড়ি-বাঙালি সব ধরনের মানুষের জন্য কিছু করতে। কিন্তু দল আমাকে মূল্যায়ন করেনি। বিএনপির স্বৈরাচারী কর্মকাণ্ড উৎসাহিত করে। এ জন্যই আমি এলডিপিতে যোগ দিয়েছি। আমিই প্রথম পাহাড়ি যে এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য। আশা করি নীতি ও আদর্শের ভিত্তিতে এই দল মানুষের ভাগ্য পরিবর্তনে সত্যিকার অর্থে কিছু করতে পারবে। আর এখনও আমি মনে করি, পাহাড়ের সমস্যা রাজনৈতিক, রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে।”

রাঙ্গামাটিতে গত পাঁচ বছরে শান্তি চুক্তির পক্ষে-বিপক্ষে পাহাড়িদের দুই গ্রুপ জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংঘাত, চাঁদার দাবিতে অপহরণ-পাল্টা অপহরণ এবং সর্বশেষ সাজেক সীমান্তে ১০ জন বিদেশি গেরিলা গ্রুপের সদস্য সেনা ও র‌্যাবের যৌথ অভিযানে নিহত হওয়ার ঘটনার প্রতি সাবেক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

জবাবে সাবেক গেরিলা গ্রুপ শান্তি বাহিনীর নেতা মনি স্বপন বলেন, “অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি পুরো পাহাড়ে একটি অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। এ বিষয়টি রাজনৈতিক শ্রদ্ধাবোধ থেকে সমঝোতার ভিত্তিতে দমন করা সম্ভব। তবে এক্ষেত্রে আমি কোনো বিশেষ দলের কথা বলবো না। অন্যদিকে সাজেক সীমান্তে কিছুদিন আগে ভারতীয় গেরিলা গ্রুপ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) ১০ সদস্য যৌথ অভিযানে নিহত হয়। সীমান্তে এসব গেরিলা গ্রুপের ঘাঁটি থাকার মূল কারণ হচ্ছে, পাহাড়ে বিদেশি গেরিলা গ্রুপগুলোকে সেনাবাহিনী ও বিডিআরই আশ্রয়-প্রশ্রয়, এমনকি মদদ দেয়। তাদের যোগসাজস ছাড়া কোনোভাবেই তারা সীমান্তে টিকতে পারে না।”

আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন, “আমি চেষ্টা করেছি, অন্তত রাঙ্গামাটিতে রাজনৈতিক সন্ত্রাস কমিয়ে আনতে। এক্ষেত্রে দাবি করবো না যে আমি ১০০ ভাগ সফল হয়েছি, তবে আমার আন্তরিকতায় ঘাটতি ছিলো না।”

দলত্যাগ করার দায়ে বিএনপি ও ১৪ দল সমর্থন দিতে পারে এ আশঙ্কায় আওয়ামী লীগ মনি স্বপনকে রাঙ্গামাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আমার জন্মস্থান থেকে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করবে কে? দেখা যাক কে কাকে অবাঞ্ছিত ঘোষণা করে!”

জনসংহতি সমিতির সাবেক নেতা হিসেবে আপনি আগামী নির্বাচনে তাদের সমর্থন পাচ্ছেন কিনা এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, “আমাকে উপজেলা চেয়ারম্যান, পরে পৌর চেয়ারম্যান ও সাংসদ হিসেবে শুধু পাহাড়িরা নয়, বাঙালিরাও সমর্থন দিয়েছে, নির্বাচিত করেছে। আমি মনে করি, আবারও আমি রাঙ্গামাটি থেকে নির্বাচনে দাঁড়ালে সাধারণ মানুষের সমর্থন পাবো।”