মংলা বন্দর অবরোধের আওতামুক্ত
দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলাকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের দেশব্যাপী অবরোধ কর্মসূচির বাইরে রয়েছে।
মংলা বন্দর শ্রমিক সংঘ ও ডক শ্রমিক ইউনিয়ন বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবরোধ কর্মসূচি চলাকালে জাহাজে মালামাল উঠানামার কাজ চালু রাখার সিদ্ধান্ত নেয়।
বন্দর সূত্র জানায়, অবরোধ কর্মসূচি সত্ত্বেও সোমবার জাহাজে মালামাল উঠানামার কাজ অব্যাহত ছিলো। সর্বশেষ তথ্য অনুযায়ী বন্দরে দুটি জাহাজ অবস্থান করছে।
মংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, তরল গ্যাস নিয়ে আসা সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এম.ভি. সাকুরা হারমনি থেকে সোমবার মাল খালাস করা হয়। থাইল্যাণ্ডের পতাকাবাহী জাহাজ এমভি চাঁদানারী মঙ্গলবার বন্দর ত্যাগ করবে।
এছাড়া মাল্টার পতাকাবাহী এম.ভি. ওয়েস্টার্ণ সী পাট পাটজাত বিভিন্ন পণ্য নিয়ে সোমবার মংলা বন্দর ত্যাগ করেছে।
