রাতেই চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে কাজ শুরু হতে পারে
চট্টগ্রাম বন্দরের সিসিটিতে (চিটাগাং কন্টেইনার টার্মিনাল) মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্দর কর্তৃপক্ষ সোমবার রাতের পালা থেকেই কাজ শুরুর ব্যাপারে গ্যাং বুকিং নিতে আন্দোলনরত ডক শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে। বন্দর ও জাহাজ চলাচল সূত্রগুলো এ তথ্য জানায়।
সিসিটিতে গিয়ারলেস (ক্রেনবিহীন) জাহাজ থেকে কন্টেইনার হ্যান্ডলিং নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে সোমবার দুপুরে বন্দর ভবনে সর্বদলীয় বন্দর শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের সঙ্গে কর্তৃপক্ষ একটি বৈঠক করে।
বৈঠকে ডক শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানানো হয়। তবে ঐক্য পরিষদ নেতারা তাৎক্ষণিকভাবে এই আহ্বানে সাড়া দেননি। তারা বলেন, প্রাইভেট অপারেটর দিয়ে গ্যান্ট্রি ক্রেন পরিচালনায় সিটি মেয়রের আপত্তি থাকায় তাঁর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে মতামত জানানো হবে।
বিকালে বন্দর কর্তৃপক্ষ শিপিং এজেন্টস এসোসিয়েশনের সঙ্গে বিষয়টি নিয়ে আরেকটি বৈঠক করে। এসোসিয়েশন নেতৃবৃন্দ যে কোনো মূল্যে প্রাইভেট অথবা বন্দরের নিজস্ব অপারেটর দিয়ে আজ রাতের মধ্যেই সিসিটিতে অপেক্ষমান দু’টি গিয়ারলেস জাহাজের কন্টেইনার খালাস তথা কাজ শুরু করার জোর দাবি জানান।
শিপিং এজেন্টস এসোসিয়েশন কর্মকর্তা স্বপন কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “বন্দরে এখন জাহাজের গড় অবস্থানকাল সাড়ে নয় দিনে পৌঁছেছে। এজন্য প্রতিটি জাহাজের লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে। তিনি বলেন, সোমবার রাত থেকে না হোক মঙ্গলবার সকালের পরও সিসিটিতে কাজ বন্ধ থাকলে বন্দর কর্তৃপক্ষকে আমাদের সর্বশেষ কথা জানিয়ে দেব।”
বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মোসলেহ উদ্দিন সোমবার রাতে অথবা মঙ্গলবার সকালের মধ্যে সিসিটিতে গ্যান্ট্রি ক্রেন অপারেশন চালুর ব্যাপারে শিপিং এজেন্টদের আশ্বস্ত করেন।
বন্দরের সিসিটিতে বর্তমানে ২টি ও বহির্নোঙ্গরে ৪টি গিয়ারলেস কন্টেইনার জাহাজ অবস্থান করছে। তাছাড়া আরো ৫টি গিয়ারলেস কন্টেইনার জাহাজ বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
এদিকে সিসিটিতে কাজ বন্ধ থাকলেও বিভিন্ন জেটিতে অবস্থানকারী সাধারণ পণ্যবাহী (বাল্ক কার্গো) জাহাজ থেকে পণ্য খালাস কিংবা তোলার কাজ হয়েছে। তবে অবরোধের কারণে সোমবার কোনো পণ্য সড়ক বা রেলপথে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
