২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ফ্লাইটে ডিসি ১০ সংযোজনের পরিকল্পনা করেছে বিমান

এ বছর হজ ফ্লাইট নির্বিঘ্ন করার জন্য দুটি বোয়িংয়ের মধ্যে একটিমাত্র বিমান সংগ্রহ করতে পারায় কর্তৃপক্ষ এখন নিজস্ব একটি ডিসি-১০ উড়োজাহাজ এতে সংযোজন করার পরিকল্পনা হাতে নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, সম্প্রতি নিউইয়র্ক, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস ও নারিতা-এই চারটি লোকসানি ফ্লাইট স্থগিত করায় বিমানের উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট চালানোয় আন্তর্জাতিক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হবে না। এ ছাড়া মেরামতের পর বিদেশ থেকে উড়োজাহাজগুলোর বাড়তি ইঞ্জিনও দেশে এসে পৌঁছেছে।

মুখপাত্রটি জানান, এরই মধ্যে যুক্তরাজ্যের ‘এয়ার আটলান্টা ইউরোপ’ থেকে একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজ ভাড়া করতে পেরেছে বিমান। বিমান কর্তৃপক্ষ তাদের প্রতিনিধিত্বকারী সংস্থা অসবান এর সঙ্গে এ ব্যাপারে একটি চুক্তিও করেছে।

বিমান সূত্র জানায়, ২৬ নভেম্বর যথাসময়েই শুরু হতে যাচ্ছে বিমানের হজ ফ্লাইট। ধর্ম মন্ত্রণালয় বিমানকে জানিয়েছে, এ বছর প্রায় ৪২ হাজার নাগরিক হজ আদায় করবেন। এর মধ্যে বিমান বোয়িং দিয়ে প্রায় ১৮ হাজার, ডিসি-১০ দিয়ে আরো ১০ হাজার, নিয়মিত ফ্লাইটে প্রায় চার হাজার এবং সৌদিয়া আরো প্রায় ১০ হাজার যাত্রী পরিবহন করবে।

সূত্রটি জানায়, সৌদিয়া জনপ্রতি হজ যাত্রীর পরিবহন ভাড়া এক হাজার ২০০ মার্কিন ডলার নির্ধারণ করায় বিমানকেও এই ভাড়াতেই হজ যাত্রী পরিবহন করতে হচ্ছে।

গত বছর বিমান প্রায় ২৫ হাজার হজ যাত্রী পরিবহন করে। এ সময় জনপ্রতি হাজীর বিমান ভাড়া ছিল এক হাজার ৫০ মার্কিন ডলার। সৌদিয়াও একই ভাড়ায় সমান সংখ্যক হজ যাত্রী পরিবহন করে।