বদরুন্নেসা কলেজ ছাত্রলীগ নেত্রীর ওপর হামলা, ১১ জনের বিরুদ্ধে মামলা
বদরুন্নেসা কলেজ হোস্টেলে ছাত্রলীগ নেত্রীর কক্ষ থেকে জোর করে বঙ্গবন্ধুর ছবি নামানোর চেষ্টা, মারধর ও হত্যা প্রচেষ্টার অভিযোগে ছাত্রদলের ১১ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার ঢাকা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বদরুন্নেসা সরকারী মহিলা কলেজের ছাত্রলীগের সভাপতি নাসরীন সুলতানা ঝরা।
শুনানির পর ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ হেল বাকী লালবাগ থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বাদিনী বলেন, ১৩ নভেম্বরে রাত ৯ টার দিকে বদরুন্নেসা কলেজের বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্রী ও ঐ কলেজের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা বেগম আশার আবাসিক কক্ষে গিয়ে অভিযুক্তরা লাঠি-সোটা ও হকি স্টিক নিয়ে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার জন্য হুমকি দেয়।
পরের দিন অভিযুক্তরা অধ্যক্ষার সালিশকে উপেক্ষা করে দুপুর আড়াইটার দিকে হোস্টেলের ৩০৫ নম্বর কক্ষ থেকে হকিস্টিক, দা, বটি, ছুরি, নিয়ে আশার ওপর হামলা চালায়।
তারা এসময় চিৎকার করে বলতে থাকে, ‘পিন্টু ভাই বলেছেন দুই একটাকে ফাইনাল করলে আমাদের কিছু হবে না।’ তারা ছাত্রদল সভানেত্রী আসামি লিজার ৪০৯ কক্ষে নিয়ে লাঠি ও হকিস্টিক দিয়ে আশাকে বেদম মারধর করে।
বাদি পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী।
