বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের (বিএসএফ) গুলিতে আব্দুল আলীম সাগর (৩০) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে শুক্রবার রাতে।
বিডিআর ঘটনার সত্যতা স্বীকার করেছে। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
সূত্র জানায়, রাত ১০ টার দিকে সাগরসহ ৬/৭ জন গরু ব্যবসায়ী সীমান্তবর্তী একটি ভারতীয় হাট থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে সাগর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। অন্যরা পালিয়ে আসেন। তবে রাতেই বিএসএফ সদস্যরা নিহতের লাশ ভারতে নিয়ে যায়।
নিহত ওই গরু ব্যবসায়ী পোরশা উপজেলার গোপিনাথপুর গ্রামের হরুন-অর-রশীদের ছেলে।
বিডিআর কমাণ্ডার সামসুল আলম জানান, সাগরের লাশ ফেরত চেয়ে ভারতের আড়াগাছি বিএসএফ ক্যাম্পে শনিবার চিঠি পাঠানো হয়েছে।
