২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাক্সির ধাক্কায় গার্মেন্টস কর্মী আহত, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় এক গার্মেন্টস কর্মীর আহত হওয়ার প্রতিবাদে প্রায় দেড় হাজার শ্রমিক সাভারের ঢাকা রপ্তানী প্রক্রিয়াজাতকরন অঞ্চল (ডিইপিজেড) সংলগ্ন রাস্তা অবরোধ করে শনিবার। ভাংচুর করা হয় ২০/২৫ টি গাড়িও।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আহত শ্রমিকের নাম আফরোজা বেগম (২২)। তিনি ডিইপিজেড পুরাতন জোনের হেলিকম সোয়েটার্সের শ্রমিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৮টার দিকে কারখানায় যাওয়ার সময় নবীনগর-কালিয়াকৈর সড়কের বাইপাইল মসজিদের কাছে একটি ম্যাক্সি আফরোজাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে সাভার রাবেয়া ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এর পরপর বিক্ষুব্ধ শ্রমিকরা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ম্যাক্সিটি আটক করলেও চালক পালিয়ে যায়।