২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রাষ্ট্রপতির বিরুদ্ধে ১৪ দলের বিক্ষোভের পরিকল্পনা

এবার খোদ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে সোমবার থেকে প্রতিবাদ বিক্ষোভ করার পরিকল্পনা করছেন ১৪ দলীয় জোট নেতারা ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 05:04 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

জোট নেতা তোফায়েল আহমেদ এবং রাশেদ খান মেনন অচলাবস্থা নিরসণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ব্যাপারে রাষ্ট্রপতির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নির্বাচনী কার্যক্রম ও তফশীল নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের সঙ্গে প্রধান ও অপর তিন নির্বাচন কমিশনারের বৃহস্পতিবারের আলোচনার পর তার বিরুদ্ধে নতুন অবস্থান নেয়া হচ্ছে বলে জানান ১৪ দলীয় জোটের এই দুই নেতা।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিকে তোফায়েল আহমেদ বলেন, “সংলাপ নিয়ে রাষ্ট্রপতি যথেষ্ট আন্তরিক নন। তাই আওয়ামী লীগ ও এর মিত্ররা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে।”

তোফায়েল জোর দিয়ে বলেন, সব কিছুর জন্য রাষ্ট্রপতিই দায়ী থাকবেন।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪ দল আবারো আবরোধ কর্মসূচি শুরু করবে। তবে এর লক্ষ্য রাষ্ট্রপতি কিনা সে সম্পর্কে তিনি পরিষ্কার কিছু বলেননি।

এর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চার দিনের জন্য লাগাতার অবরোধ কর্মসূচি স্থগিত করেন। প্রশাসনকে নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা আন্তরিকতার প্রমাণ দেবেন,এই আশা করে অবরোধ স্থগিত করা হয় বলে তিনি জানিয়েছিলেন।