সুপ্রীম কোর্টে দু’পক্ষের আইনজীবীরা মুখোমুখি
নির্বাচন কমিশন সংস্কার ও রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার ইস্যুতে সুপ্রীমকোর্টের ১৪ দল সমর্থক ও ৪ দল সমর্থক আইনজীবীরা পাল্টাপাল্টি সমাবেশ ও মানববন্ধন করেছেন।
আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থক আইনজীবীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সুপ্রীমকোর্ট প্রাঙ্গনে মানববন্ধন ও সমাবেশ করে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের পদত্যাগ ও রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে সংবিধান অনুযায়ী যোগ্য ব্যক্তিকে ওই পদে নিয়োগ দেয়ার দাবি।
অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সমর্থক আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে একই স্থানে প্রতিবাদ সভা, মানববন্ধন ও মৌন মিছিল করেছেন। তারা প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতির সাংবিধানিক পদকে বিতর্কিত না করার জন্য প্রতিপক্ষ আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠানকে ধ্বংস করার ষড়যন্ত্র রুখে দাড়াতে হবে।
দু’পক্ষের মুখোমুখি বক্তৃতা ও শ্লোগান এবং এক পক্ষ অপর পক্ষকে ধর ধর বলে চিৎকার করলে সুপ্রীমকোর্ট প্রাঙ্গনে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল-ইসলামের নেতৃত্বে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব সুব্রত চৌধুরী, সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মাহবুবে আলম, সম্পাদক এ এম আমিনউদ্দিন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক সম্পাদক ইনায়েতুর রহিম।
ব্যারিস্টার আমীর-উল-ইসলাম বলেন, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারকে সকল বিতর্কের উর্ধে রাখতে হবে। কিন্তু ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনের পদ বিতর্কিত হয়ে গেছে। তাই রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে সংবিধান অনুযায়ী যোগ্য ব্যক্তিকে এ পদে নিয়োগ দিতে হবে। এছাড়া বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এ এ আজিজের অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি বলেন রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার ছুটি দিয়ে জাতিকে সংঘাতের হাত থেকে উদ্ধার করতে পারেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, ফোরামের সদস্য সচিব শাহ খসরুজ্জামান, ডেপুটি এ্যাটর্নী জেনারেল হেলালউদ্দিন মোল্লা, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, এম শামসুল ইসলাম, রুহুল কুদ্দুস কাজল প্রমূখ।
ব্যারিস্টার আমিনুল হক বলেন, চার দলীয় জোট অবাধ ও সুষ্ঠু নির্বাচন ও দেশে আইনের শাসন সমুন্নত রাখার পক্ষে। কিন্তু আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সংবিধানের অপব্যাখ্যা করে জনগনকে বিভ্রান্ত করছে।
