অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন: খালেদা জিয়া
তত্ত্বাবধায়ক সরকারকে সময় নষ্ট না করে অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সম্মিলিত ডিপ্লোমা পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
খালেদা তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে বলেন, “কে নির্বাচনে আসলো না আসলো সেটা দেখা আপনাদের কাজ নয়। অবিলম্বে আপনি নির্বাচনের তফসিল ঘোষণা করুন। এভাবে সময় নষ্ট করবেন না।”
খালেদা জিয়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমালোচনা করে বলেন, “তারা জিততে পারবেনা বলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা চায় না দেশে গণতন্ত্র বজায় থাকুক। যাদের কাছে জনগণের সম্পদ নষ্ট হয় তাদের কাছে দেশের দায়িত্ব দেওয়া নিরাপদ নয়।”
নির্বাচন কমিশন সম্পর্কে ১৪ দলের দাবি নাকচ করে খালেদা বলেন, “২০০১ সালে তাদের নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিলাম। তাদের পছন্দে সাজানো প্রশাসনে আমরা নির্বাচন করেছি এবং আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করেছি। আজ নির্বাচন কমিশন নিয়ে তাদের এত আপত্তি কেন। নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। স্বাধীনভাবে তাদের কাজ করার অধিকার রয়েছে। কোনো দলের অযৌক্তিক এবং অসাংবিধানিক দাবি মানা হবেনা। নির্বাচন কমিশনকে তাদের নিজেদের মতো কাজ করার সুযোগ দিন।’
সম্মিলিত ডিপ্লোমা পেশাজীবী পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ হানিফের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কে এম ওবায়েদুর রহমান, সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মোসাদ্দেক আলী, কবির হোসেন, ইউসুফ আলীসহ পেশাজীবী পরিষদের নেতারা মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
