২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির “ভাঙা ঘর” বনাম এলডিপির “নতুন ঘর”

আবার পুরোনো দলে ফিরে যাচ্ছেন-দিনভর এরকম নানা জল্পনা কল্পনার মধ্যে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাবেক বিএনপি সাংসদ ব্যারিস্টার জিয়াউর রহমান খান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের গাড়ি বহরের সঙ্গে বাইরে বেরিয়ে গেছেন। এলডিপিতে থাকবেন না বিএনপিতে ফিরে যাবেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “কি করবো এখনো স্পষ্ট করে কিছু বলতে পারছি না।”

আবু সুফিয়ান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 10:09 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

“কাল খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বলে শোনা যাচ্ছে” এ প্রশ্নের জবাবে জিয়াউর রহমান বলেন,“যে কেউ যে কারো সাথেই দেখা করতে পারেন।”

সকাল থেকে তার বাড়ির সামনে লোক জড়ো হওয়া সম্পর্কে তিনি বলেন,“আমার অসুস্থতার খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে তারা আমাকে দেখতে এসেছে। আগামীকাল আমি হাসপাতালে ভর্তি হবো।”

ওই বাড়িতে এলডিপি নেতা মাহি বি. চৌধুরীর উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন,“তিনি এ পথ দিয়ে যাচ্ছিলেন, মানুষের জটলা দেখে এখানে এসেছেন।”

ধানমণ্ডি সাত নম্বরের ওই বাড়ির সামনে সকাল থেকেই জটলা। কোনো গণ্ডগোল হয়েছে কিনা তা ভেবে প্রতিবেশীরা শঙ্কিত। অনেকেই থানা এবং সংবাদ মাধ্যমে ফোন করে জানতে চেয়েছেন প্রকৃত ঘটনা।

বাড়িটি ঢাকা-১৩ আসনে পরপর চারবার নির্বাচিত সাংসদ জিয়াউর রহমান খানের। প্রয়াত প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের বাড়ি হিসেবেই বাড়িটিকে অনেকে চেনেন।

সরেজমিন গিয়ে দেখা গেল বাড়িটিতে চলছে বিএনপির “ভাঙা ঘর” জোড়া লাগানোর প্রক্রিয়া। এরকমটিই বললেন, বাড়ির সামনে জড়ো হওয়া কয়েক শ’ লোকের অনেকে। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী এবং অলি আহমেদের নেতৃত্বে গড়ে তোলা এলডিপি গঠনের প্রক্রিয়াকে বিএনপির “ঘর ভাঙা”র সাথে তুলনা করেছেন এদের প্রায় সবাই।

”ভাঙা ঘর” জোড়া দেওয়ার চেষ্ঠায় বাড়িটিতে আসেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন। এদিকে মাহী বি চৌধুরীর নেতৃত্বে সন্ধ্যা সাতটার একটু আগে এলডিপির কর্মী-সমর্থকরা এ বাড়িতে আসেন। তাদের নেতা-কর্মীরা বলেন, “নতুন ঘর”টি বাঁচানোর জন্যই তারা সর্বাত্মক চেষ্টা করবেন। রাত আটটার একটু আগে মাহী বি চৌধুরী তার কর্মী ও সমর্থকদের নিয়ে ওই বাড়ি ছেড়ে যান।এ সময় ধামরাই পৌরসভার কমিশনার হাবিবুর রহমান হাবিব এ প্রতিবেদককে বলেন, “জিয়াউর রহমান খান আগামীকাল খালেদা জিয়ার সঙ্গে দেখা করে নিজের করণীয় ঠিক করবেন।”

এদিকে জিয়াউর রহমান খানের বাড়ি থেকে বলা হয়েছে, “ওই বাড়ি ঘিরে বসে থাকা সবাই তাদের গ্রামের লোক। কেউই তাদের জন্য হুমকি নয়।”