আমন ধান কেজি প্রতি ১০, চাল ১৬ টাকায় সংগ্রহের সিদ্ধান্ত
এ বছর কৃষকদের কাছ থেকে প্রতি কেজি আমন চাল ১৬ টাকা এবং ধান ১০ টাকা দরে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ মেট্রিক টন। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন চাল ও ৩৭ হাজার মেট্রিক টন ধান।
১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।
সভায় সভাপতিত্ব করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী।
মন্ত্রাণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. আজিজুল হক, মন্ত্রিপরিষদ সচিব আবু সোলায়মান চৌধুরী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের সচিব এহসান উল ফাত্তাহ, আব্দুল করিম, এম আব্দুল আজিজ, ড. তারেক প্রমুখ।
