২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলে গেল গ্রামীণফোনের লোগো

দেশের র্শীষস্থানীয় মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের লোগো পরিবর্তন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 02:25 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

শুক্রবার থেকে প্রতিষ্ঠানটি তাদের নতুন লোগো ব্যবহার শুরু করবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে লোগো পরিবর্তনের ঘোষণা দিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী এরিক অস বলেন, “১০ বছর ধরে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সময়ের মধ্যে মোবাইল ফোন শিল্প ও গ্রাহকদের চাহিদার পরিবর্তন হয়েছে। সেই সাথে আমাদেরও পরিবর্তন ঘটেছে। এ পরিবর্তনকে প্রকাশের জন্য একটি বাহ্যিক পরিচয়ের প্রয়োজন ছিল।”

তিনি বলেন, “নতুন লোগোর অংশ হিসেবে গ্রামীণফোন নামটি বজায় রাখা হয়েছে। কেননা নামটি আমাদের অতীতের সব ঐতিহ্য, সাফল্য ও মূল্যবোধকে ধারণ করে। আমরা এই নামটিকে আরও আধুনিক ডিজাইনে নিয়ে যাচ্ছি যা আমাদের ভবিষ্যত দৃষ্টিভঙ্গি প্রকাশ করবে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আমরা এই প্রতিষ্ঠানকে সবসময় পরিবর্তনের মধ্যে রাখতে চাই। গ্রামীণফোন গত এক দশকে এক কোটি গ্রাহককে সেবা প্রদান করেছে। এর পাশাপাশি উন্নতমানের নেটওর্য়াক, বিক্রয়োত্তর সেবা, নতুন নতুন পণ্য ও সেবা প্রচলন এবং মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে সারাদেশে মোবাইল ফোন প্রযুক্তি বিস্তারে প্রধান ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও তা অব্যহত থাকবে।”

নতুন লোগো প্রবর্তন গ্রামীণফোনের সব ধরনের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মন্তব্য করে এরিক অস বলেন, “আমরা ব্যক্তির ও উদিয়মান বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে চাই। মোবাইল ফোন শিল্পে গ্রাহকদের বিশ্বমানের, সর্বাধুনিক ও প্রয়োজনীয় সেবা প্রদান করতে চাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোন লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়ামিন বখত, রুবাবা দৌলা মতিন প্রমুখ।