২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ সচিবসহ ১৩ আমলার বিরুদ্ধে আদালত অবমাননার রায় রোববার

বিচার বিভাগ পৃথক করা নিয়ে চার সচিবসহ ১৩ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের রায় দেওয়া হবে রোববার।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 01:37 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আজ (বৃহষ্পতিবার) সকালে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদ্দাচ্ছির হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার দুটি অভিযোগের রায় দেওয়ার তারিখ ঘোষণা করেন।

সকালে আপিল বিভাগে বিষয়টি উত্থাপিত হওয়ার পর আদালত জানান, “রোববার ১৩ জন আমলার বিরুদ্ধে আনা আদালত অবমাননা সংক্রান্ত দুইটি অভিযোগের পূর্ণ রায় ঘোষণা করা হবে।”

১৯৯৯ সালের ২ ডিসেম্বর বিচার বিভাগ পৃথক করতে আপিল বিভাগ ১২ দফা নির্দেশনা দেওয়ার পর বিভিন্ন সরকার কমপক্ষে ২৩ বার এ রায় বাস্তবায়নে সময় নিলেও তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

চলতি বছরের ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট সাবেক প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরদার, সাবেক সংস্থাপন সচিব ড.মাহবুবুর রহমান ও অর্থ সচিব সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক চৌধুরি মুনির উদ্দিন মাহফুজের আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার রুল জারি করেছিলেন।

এর আগে ২০০৪ সালের ২৯ নভেম্বর নয় জন সরকারি কর্মকর্তার (যুগ্ম সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পর্যন্ত) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করা হয়।

ব্যারিস্টার এম আমীর উল ইসলাম আবেদনকারীর পক্ষে এবং অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করছেন।