প্রশাসনে আরেক দফা রদবদল
জনপ্রশাসনের যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ে বুধবারও রদবদল করা হয়েছে।
এদের মধ্যে একজন যুগ্ম সচিব ও দুইজন উপসচিবকে পদায়ণ, দুই উপসচিবকে ওএসডি এবং দিনাজপুরের সাবেক জেলা প্রশাসক (উপসচিব) তাহসিনুর রহমানকে ওএসডি করার আদেশ বাতিল করে তাকে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব রদবদল করা হয়।
ওএসডি যুগ্ম সচিব আহমেদ হোসেনকে কর ন্যায়পালের কার্যালয়ে রেজিস্ট্রার এবং ওএসডি উপসচিব মিজানুর রহমান ও আতিকুর রহমান খানকে একই কার্যালয়ের পরিচালক নিয়োগ করা হয়েছে।
দিনাজপুরের সাবেক জেলা প্রশাসক তাহসিনুর রহমানকে ওএসডি করার আদেশ বাতিল করে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। রোববার তাহসিনুর রহমানকে দিনাজপুরের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে ওএসডি করার আদেশ জারি করা হয়।
এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাশেম মো. আবদুল্লাহ ও সাবেক কৃষি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) নিয়াজুল হককে ওএসডি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে যশোরের প্রাক্তন জেলা প্রশাসক উপসচিব মুজিবুর রহমানকে ঢাকা সিটি কর্পোরেশনের সচিব, চট্টগ্রামের জেলা প্রশাসক উপসচিব সৈয়দ নেসার মোহাম্মদ রুমীকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক, ওএসডি উপসচিব হুমায়ুন কবিরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্প কাশিমপুরের প্রকল্প পরিচালক, নড়াইলের জেলা প্রশাসক উপসচিব সরফুদ্দিন খান জিলানীকে ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক আজহারুল ইসলামকে ‘মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প ১’ এর উপপরিচালক এবং ওএসডি উপসচিব মঞ্জুরুর রহমানকে খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ওষুধ প্রশাসনের অধিদপ্তরের পরিচালক ডা. হাবিবুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ স্থগিত করে নতুন করে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন মেয়াদে পরিচালক পদে ২০০৭ সালের ১২ এপ্রিল পর্যন্ত তিনি বহাল থাকবেন। এর আগে গত সপ্তাহে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ দেওয়া হয়েছে।
