ফরিদপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত
সদরপুর উপজেলার কৃষ্ণপুরে বুধবার সকালে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম তোতা শেখ (৩৫)।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, শৈলডুবি ও যাত্রাবাড়ী গ্রামের দু’দল গ্রামবাসী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়ে। বুধবার হাসেম ফকির ও তপু খার নেতৃত্বে হঠাৎ করেই তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হাসেম ফকিরের গ্রুপের তোতা মিয়া গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় আহত হন আরও ১০ ব্যক্তি। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোন পক্ষই মামলা করেননি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
