বিটিটিবির ফাইবার অপটিক সংযোগ পুনঃস্থাপিত
সাবমেরিন কেবল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ১১ ঘন্টা পর মঙ্গলবার সকাল ৬ টায় আন্তর্জাতিক ভয়েস ও ডাটা সেবা পুনঃস্থাপন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ড (বিটিটিবি)
কিন্তু রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ কোম্পানিটি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যবস্থা নেবে না বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
বিটিটিবির ঢাকা-চট্টগ্রাম ফাইবার অপটিক কেবল যোগাযোগ সোমবার সন্ধ্যা সাতটায় বিচ্ছিন্ন হয়ে যায়। এটা একটি নাশকতামূলক কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।
কিন্তু পরে বিটিটিবি কর্তৃপক্ষের অনুসন্ধানে দেখা যায়, বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের এক ঠিকাদার একই স্থানে আরেকটি ফাইবার অপটিক কেবল স্থাপনের সময় বিটিটিবির ফাইবার অপটিক কেবলটি ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র জানায়, এম/এস এম ব্রাদার্স নামে বাংলালিংকের ওই ঠিকাদারী প্রতিষ্ঠান ফাইবার অপটিক কেবল স্থাপনের সময় ঢাকা-চট্টগাম মহাসড়কে বিটিটিবি লাইনের তিনটি স্থানে কেবল কেটে ফেলেন। ঘটনাটি ঘটে কুমিল্লা থেকে সাড়ে সাত কিলোমিটার দূরে চট্টগ্রামের পাশে।
এর পরপরই ঢাকায় বিটিটিবির আন্তর্জাতিক এক্সচেঞ্জটির সঙ্গে কক্সবাজারে স্থাপিত সাবমেরিন কেবলের বেজ স্টেশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে বিটিটিবির অধিকাংশ আন্তর্জাতিক ভয়েস সার্কিট বিকল হয়ে পড়ে।
এ পরিস্থিতিতে বিটিটিবি বিকল্প ব্যবস্থায় স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে কিছুসংখ্যক আন্তর্জাতিক ভয়েস সার্কিট সচল রাখার ব্যবস্থা করে। কিন্তু মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত কেবল মেরামতের আগ পর্যন্ত বিটিটিবির ডাটা সার্ভিস গ্রাহকরা সংযোগ সেবা থেকে বঞ্চিত হন।
সূত্র জানায়, অন্যতম প্রধান এই যোগাযোগ ব্যবস্থাটি বন্ধ থাকার ফলে যে রাজস্ব ক্ষতি হয়েছে বিটিটিবি বর্তমানে তা নিরূপণের কাজ করছে।
বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে মঙ্গলবার বিটিটিবির পাঠানো এক চিঠিতে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার জন্য বিটিটিবি ক্ষতিপূরণ দাবি করবে।
এ ব্যাপারে বাংলালিংকের পরিচালক ওমর রশীদ বলেন, “আমরা বিটিটিবির কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। কিন্তু ওই ঠিকাদার আমাদের না একটেলের তা আমরা এখন পর্যন্ত নিশ্চিত না।”
সূত্র জানায়, এর আগে একটেল ও গ্রামীণ ফোনের কাজ চলার সময় বিটিটিবির কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু তাদের কাছ থেকে কোন ক্ষতিপূরণ দাবি করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, “বর্তমানে বেসরকারি টেলিফোন শিল্পে কর্মরত বিটিটিবির সাবেক কর্মকর্তারা এ বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ে কোনরকমে ম্যানেজ করে নিচ্ছেন।”
