দুই তৃতীয়াংশ পাঠক মনে করেন শুধু সিইসির পদত্যাগ সঙ্কট সমাধানে যথেষ্ট নয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রায় দুই তৃতীয়াংশ পাঠকই মনে করেন শুধু প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের পদত্যাগই রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটানোর জন্য যথেষ্ট নয়।
ইন্টারনেট ভিত্তিক জরিপে অংশ নেওয়া বার্তাসংস্থাটির এক তৃতীয়াংশের একটু বেশি পাঠক মনে করেন, শুধু এম এ আজিজ পদত্যাগ করলেই সংঘাত ও দ্বন্দ্বমুখর এ রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
‘হ্যাঁ’ অথবা ‘না’ জবাব আহ্বান করে জরিপের প্রশ্নটি ছিল শুধু সিইসি এম এ আজিজের পদত্যাগই শুধু রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে পারে বলে মনে করেন কি?
১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পরিচালনায় ২৪ ঘন্টার এ জরিপে ১৪ নভেম্বর সন্ধ্যা সাতটা পর্যন্ত তিন হাজার ৮৪৫ জন অংশ নেন। এর মধ্যে এক হাজার ৫২৯ জন বা শতকরা ৩৯.৭৭ ভাগ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, নেতিবাচক রায় দেন দুই হাজার ৩১৬ জন বা ৬০.২৩ শতাংশ।
নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ১১ দফা দাবিতে রোববার সকাল থেকে আওয়ামী লীগ ও মিত্র দলগুলোর ডাকে দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ শুরু হওয়ার পর থেকেই সিইসির পদত্যাগের বিষয়টিই আলোচিত হচ্ছে সবচেয়ে বেশি। কারণ পক্ষপাতিত্বের অভিযোগে আরো বছরখানেক আগে থেকেই ১৪ দল এম এ আজিজের পদত্যাগ দাবি করে আসছিলেন। শুধু তাই নয়, অবরোধ পূর্ববর্তী শেষ সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা নিজে বলেছেন, এম এ আজিজ ও স ম জাকারিয়াকে নির্বাচন কমিশন থেকে যেতেই হবে। বর্তমান সরকারের সময় নিয়োগ পাওয়া অন্য দুই নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান ও মাহমুদ হাসান মনসুরও বিএনপি-জামায়াত ঘরানার বল জোর সমালোচনা রয়েছে।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম এ সাঈদের মেয়াদ শেষ হওয়ার পর কারো সঙ্গে আলোচনা না করেই প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার আপিল বিভাগে কর্মরত বিচারপতি এম এ আজিজকে সিইসি পদে নিয়োগ দেয়। এ নিয়োগের আইনি ও সাংবিধানিক বৈধতা নিয়ে সেসময়ই প্রশ্ন উঠেছিল। পরে ভোটার তালিকা হালনাগাদের প্রশ্নে হাইকোর্টের নির্দেশ অমান্য করে চূড়ান্তভাবে বিতর্কিত হয়ে পড়েন সিইসি আজিজ।
প্রাথমিক অবস্থায় সিইসি এম এ আজিজকে জোর সমর্থন দিয়ে গেলেও ভোটার তালিকা নিয়ে সিইসির একগুঁয়েমির এক পর্যায়ে বিএনপি-জামায়াত জোটের একাধিক নীতি-নির্ধারকও সিইসির তীব্র সমালোচনা করেছিলেন। তবে এ জোটই ইদানীং জোর দিয়ে বলছে এম এ আজিজের অধীনেই নির্বাচন হতে হবে। রাজনৈতিক রেষারেষির কারণে ১৪ দলের কাছে অগ্রহণযোগ্য বলেই বিএনপির প্রিয়ভাজন হয়ে উঠেছেন বিচারপতি আজিজ এমনটি আজ অনেকেই বলছেন।
এ মুহূর্তের অচলাবস্থা নিরসনে তাই এম এ আজিজের চলে যাওয়া ছাড়া আর কিছু ভাবা দুঃসাধ্য। তবে একথা হয়তো এখন মানতেই হবে যে, বিচারপতি আজিজের চলে যাওয়াই বর্তমান পরিস্থিতির একমাত্র সমাধান নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও রাষ্ট্রপতিকে তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। এমনিতেই উপদেষ্টাদের না জানিয়ে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে এবং“রাষ্ট্রপতি ধরনের শাসন” এর কথা বলে বিতর্কিত হয়ে পড়েছেন রাষ্ট্রপতি। অন্যদিকে অনেকেই অভিযোগ করছেন, প্রশাসনে রদবদলও হচ্ছে গত সরকারের প্রণীত ছক অনুসরণ করে, এর মধ্যেই বিতর্কিত প্রেস সচিবকে প্রেস উপদেষ্টা পদে মনোনীত করে আরও বিতর্কিত হয়ে গেছেন রাষ্ট্রপতি। এমন অবস্থায় নিজের সদিচ্ছার স্বাক্ষর রাখতে গেলে এম এ আজিজের অপসারণ ছাড়াও আরো অনেক কিছু করতে হবে রাষ্ট্রপতিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জরিপেও এ বিষয়টি স্পষ্ট হয়েছে যে, অধিকাংশ পাঠকই মনে করেন সিইসির পদত্যাগই অচলাবস্থার একমাত্র সমাধান নয়, তবে আবশ্যিক বটেই।
