পাবনায় ১৪৪ ধারা জারি
পাবনা জেলা প্রশাসন মঙ্গলবার থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য শহরে ১৪৪ ধারা জারি করেছে।
বিএনপির বিক্ষোভ মিছিল ও আওয়ামী লীগের লাগাতার অবরোধ কর্মসূচির সময় যেকোন সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।
জেলা প্রশাসক কেফায়েতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, একদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অবরোধ চলছে। অন্যদিকে বিএনপি এবং জামায়াতও পাল্টা কর্মসূচি দেওয়ায় শান্তি-শৃঙ্খলা নষ্ট হতে পারে আশংকায় প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।
এদিকে র্যাব ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অবরোধের তৃতীয় দিনে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় রাজধানী ঢাকাসহ সারাদেশের সঙ্গে পাবনা জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ছাড়া ঈশ্বরদী ও চাটমোহরে অবরোধকারীরা ট্রেন লাইন তুলে ফেলায় ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।
