অর্ধেকের বেশি পাঠকের মতে, তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেননি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ৫০ দশমিক ২৩ শতাংশ পাঠক মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা নিরপেক্ষতার প্রমাণ রাখতে ব্যর্থ হয়েছেন। অবশ্য ৪৯ দশমিক ৭৭ শতাংশ মনে করেন এ সরকার নিরপেক্ষতার প্রমাণ দিতে পেরেছেন।
‘হ্যাঁ’ অথবা ‘না’ জবাব আহ্বান করে জরিপের প্রশ্নটি ছিল তত্ত্বাবধায়কের উপদেষ্টারা নিরপেক্ষতার প্রমাণ রাখতে পেরেছেন কি-না?
১২ নভেম্বর সন্ধ্যা সাতটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পরিচালনায় প্রথম জনমত জরিপ শুরু হয়। ২৪ ঘন্টার এ জরিপে ১৩ নভেম্বর সন্ধ্যা সাতটা পর্যন্ত ছয় হাজার ৯৫৬ জন অংশ নেন। এর মধ্যে তিন হাজার ৪৬২ জন ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, নেতিবাচক রায় দেন তিন হাজার ৪৯৪ জন।
এ জরিপের মধ্য দিয়ে প্রকৃত জনমত প্রতিফলিত হচ্ছে কি-না এ প্রশ্নের জবাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষতা এখন সবচেয়ে বেশি আলোচিত বলে জনমত জরিপের প্রথম প্রশ্নটি এ বিষয়ে রাখা হয়েছে। ইন্টারনেট ভিত্তিক সংবাদ মাধ্যম হওয়ায় দেশে-বিদেশে ছড়িয়ে থাকা আমাদের পাঠকদের অধিকাংশই সমাজের অগ্রসর অংশের প্রতিনিধি। তাই এ জরিপটি সমাজের নির্বাচিত অংশের মতামত বলে আমি মনে করি।”
