ভবদহ ও অভয়নগরের জলাবদ্ধতা নিরসনের উদ্যাগ
যশোরের ভবদহ ও অভয়নগরের ভয়াবহ জলাবদ্ধতা নিরসনের স্থায়ী উপায় খতিয়ে দেখতে পানি সম্পদ উপদেষ্টা মাহবুবুল আলম দু’একদিনের মধ্যে সেখানে যাচ্ছেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া মন্ত্রণালয় জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষতিপূরণসহ আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকে পানি সম্পদ উপদেষ্টা মাহবুবুল আলম ছাড়াও পানি সম্পদ সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, অভয়নগর ও ভবদহের ওই জলাবদ্ধতার সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে সম্ভাব্য উপায়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তিনটি পর্যায়ে এ সমস্যার সমাধানে উদ্যোগ নেয়া হবে। এজন্য একটি দীর্ঘমেয়াদী প্রকল্প ছাড়াও ছোট ছোট প্রকল্প হাতে নেয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, সমস্যার স্থায়ী সমাধানে খাল খনন করে পানি নদীতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এটা অনেক সময় ও ব্যয়সাপেক্ষ। তবে তাৎক্ষণিকভাবে নেয়া ব্যবস্থার কারণে প্রায় চার ফুট পানি নেমে গেছে। তারপরও সেখানে প্রায় চার ফুট পরিমান পানি রয়েছে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি জানান, ক্ষতিগ্রস্তরা এবার সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছেন।
