২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন, গ্রেপ্তার ৩

অবরোধকারীরা ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে আগুন দেয়। এ ঘটনায় পুলিশ তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

সকালে অবরোধকারীরা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে জনসেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ তিন ছাত্রলীগ কর্মী চিশতি, সজীব ও মিন্টুকে গ্রেপ্তার করে।

সকাল ১০ টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মী ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় অবরোধকারীরা মহাসড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখান। পরে বাজার বাসস্ট্যান্ডে পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন খান ইমু, মুরাদ জং, জাহাঙ্গীর আলম, আলী হায়দার, মাসুদ চৌধুরী, আ. হালিম, পাভেল, রঞ্জন দাস রুনু প্রমুখ।

একই সময় আশুলিয়া এলাকায় যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ বের করে। এতে বক্তব্য রাখেন কৃষক লীগ নেতা আ. রহিম, যুবলীগ নেতা ফারুক হাসান তুহিন, শাহাদাত হোসেন, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

সকাল ১১টার দিকে ধামরাইয়ে ১৪ দলের নেতা-কর্মীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এ সময় বক্তব্য রাখেন, বেনজির আহমেদ, আবুল হোসেন, সাখাওয়াত হোসেন সাকু, মিজানুর রহমান প্রমুখ।