দুটি মামলায় বেকসুর খালাস পেলেন বৈশাখী টিভির পরিচালক
বৈশাখী টিভির সাবেক পরিচালক এমএনএইচ বুলুকে চার কোটি টাকার চেক ডিসঅনার সংক্রান্ত দুটি মামলায় খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পঞ্চম সহকারী দায়রা জজ বোরহান উদ্দিন এ রায় দেন।
জানা যায়, গাজীপুরের সাড়ে তিন একর জমি ক্রয়ের ঘটনায় স্টেডিয়াম মার্কেটের নিউ স্টার ইলেকট্রনিক্স এর মালিক নূর হোসেন মোট ৪ কোটি টাকার দুটি চেক ডিসঅনারের অভিযোগে তাকে অভিযুক্ত করে গত ২৭ জুলাই ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেন। নূর হোসেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ওই জমির বায়নাপত্র বাতিলের জন্য তার বিরুদ্ধে একই সময় দেওয়ানি মামলাও দায়ের করেন।
মামলায় বলা হয়, বাদি নূর হোসেনকে গাজীপুরের জমি ক্রয়ের জন্য জমির মূল্য হিসেবে বুলু ৪ কোটি টাকার দুটি চেক দেন। যা ফেরত আসে।
মামলার রায়ে বিচারক বলেন, “বাদিপক্ষের সাক্ষ্য ও আসামী পক্ষের দাখিলীয় কাগজপত্র পর্যালোচনা করে চেক ডিসঅনারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আসামীকে বেকসুর খালাস দেওয়া হলো।”
প্রসঙ্গত বুলুর বিরুদ্ধে আরও কয়েকটি চেক ডিসঅনারের মামলা বিচারাধীন রয়েছে।
