২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে চট্টগ্রাম অচল

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের লাগাতার অবরোধ কর্মসূচির প্রথম দিন রোববার সকালেই কার্যত অচল হয়ে পড়ে বন্দরনগরী। বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলেও।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 05:13 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

বন্দরের অভ্যন্তরে জাহাজে মালামাল ওঠানামার কাজ চললেও বন্দর থেকে মালামাল অন্য কোথাও নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ টি এম গোলাম মোস্তফা বলেন, “আন্তনগর ট্রেনগুলো চট্টগ্রাম রেল স্টেশন থেকে যথা সময়ে ছেড়ে গেলেও যাত্রী ছিল না বললেই চলে। যাত্রী সংকটের কারণে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়। ট্রেনটিতে যাত্রী ছিল ৬৫৬ আসনের বিপরীতে মাত্র ৮ জন। ।”

অবরোধ কর্মসূচি সফল করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অলংকার ক্রসিং থেকে বন্দর পর্যন্ত ১৪ দলের নেতাকর্মীরা অবস্থান নেয়। দলের বিভাগীয় আহ্বায়ক মেয়র এ বি এম মহিউদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে মিছিল-সমাবেশও করে। সমাবেশে বক্তব্য রাখেন জাসদ নেতা মাইনুদ্দিন খান বাদল, সাবেক এমপি বীর বাহাদুর প্রমুখ।