নির্বাচনে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার শনিবার এ আশ্বাস দেন।
বাংলাদেশ সফরের প্রথম দিনে শনিবার সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী হেমায়েতউদ্দিনের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সৌজন্য সাক্ষাত করেন। রিচার্ড বাউচার বলেন, “বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে রাজি। আমাদের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করি আমি।”
এদিকে, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের মুহূর্তে বাউচারের দুদিনব্যাপি এ সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।
দুদিনের এই সফরে বাউচার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন সাংবাদিকদের জানান, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। পররাষ্ট্র সচিব আরো বলেন, দু'দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার এবং বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ানোর বিষয়ে তিনি জোর দেন। তাদের আলোচনায় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের বিষয়টিও স্থান পায়। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সামর্থ্য বৃদ্ধিতে মার্কিন সহায়তারও আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, রাজনৈতিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের গুরুত্ব মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী উপলব্ধি করেছেন।
বৈঠকে সরকারের শীর্ষ স্থানীয় কমকর্তা ছাড়াও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
