ভোটাধিকার দাবি করেছেন প্রবাসী বাংলাদেশীরা
প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার, নির্বাচন কমিশন সংস্কার, ভোটার তালিকা সংশোধন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং সুষ্ঠু নীতিমালার মাধ্যমে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানী করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ আন্তর্জাতিক প্রবাসী কল্যাণ সমিতি।
বুধবার সকালে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব সৈয়দ নাসির উদ্দিন বলেন, “১৯৭৬, ১৯৮২ ও ১৯৮৪ সালে বিভিন্ন অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধানের ১২২ নং ধারা অপব্যাখ্যা করে প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার হরণ করা হয়। ১৯৯৭ সালে হাইকোর্ট প্রবাসীদের ভোটাধিকারকে স্বীকৃতি দিয়ে সরকার ও নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও আজ পর্যন্ত সে নির্দেশ বাস্তবায়িত হয়নি।”
তিনি আরো বলেন,“গত অর্থ বছরে ৬০ লাখ প্রবাসী বাংলাদেশী প্রায় ৪০ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখলেও ভোটাধিকারের মত মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে।”
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর ক্ষেত্রে বিগত সরকারের মন্ত্রী ও কতিপয় ব্যক্তির দুর্নীতির কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন,“মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর এই বিরল সুযোগ হাত ছাড়া না করে সরকারী বোয়েসেলের মাধ্যমে শ্রমিক পাঠাতে হবে। এক্ষেত্রে অনুমতিপ্রাপ্ত শ্রমিককে শতকরা ৫ ভাগ ব্যাংক ঋণ দিয়ে ৫০ হাজার টাকার মধ্যে তাদেরকে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করতে হবে।”
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ আব্দুর রহমান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিগত সরকারের মন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম এবং লুৎফর রহমান খান আজাদ বায়রার কাছে মোটা অঙ্কের টাকা ঘুষ দাবি করেছিলেন। এর মধ্যে লুৎফর রহমান একাই ২৫ কোটি টাকা দাবি করেছিলেন। তাদেরকে ঘুষ না দেওয়াতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এমন জটিলতা তৈরি হয়েছে।”
তিনি আরো বলেন, “আমরা নিজ খরচেই বিদেশে যেতে রাজি আছি। সরকার শুধু বোয়েসেলের মাধ্যমে একটি কমিটি গঠন করে দিক। বোয়েসেল মাত্র ৪৩ হাজার টাকায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে চেয়েছিলো। অথচ বায়রা বর্তমানে চার থেকে পাঁচ লাখ টাকা করে নিচ্ছে।”
