২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৫ কোটি টাকার যন্ত্র এখন অব্যবহৃত

সরকারের অব্যবস্থাপনা ও অযত্মের কারণে দুরারোগ্য ক্যান্সার নিরাময়ের পাঁচটি দামি যন্ত্র অব্যবহৃত পড়ে আছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

নাঈমুল হক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 03:53 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

লিনিয়ার একসেলেটরস বা লাইনাক নামে পরিচিত দামি এ যন্ত্রগুলোর ক্রয় প্রক্রিয়ায় অস্বচ্ছতার কারণে পুরো বিষয়টিই আরও ঘোলাটে হয়ে উঠেছে। এমনকি স্বাস্থ্যঝুঁকির কথা মনে রেখে যন্ত্রগুলো পরিচালনার জন্য যথেষ্ট সাবধানতাও অবলম্বন করা হয়নি। সিনিয়র রিপোর্টার নাঈমুল হক বিস্তারিত জানাচ্ছেন।

কর্মকর্তারা বলছেন, এ পাঁচটি যন্ত্রের জন্য সরকারকে ৬৫ কোটি টাকা দিতে হয়েছে, যদিও এর প্রকৃত দাম আরো কম। পাঁচটির মধ্যে দুটি করে যন্ত্র আসে ২০০৪ ও ২০০৫ সালে। পঞ্চম যন্ত্রটি ঢাকায় এসে পৌঁছায় চলতি বছর।

পাঁচটি যন্ত্রের মধ্যে ঢাকা ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে একটি করে দেওয়া হয়েছে আর অন্যগুলো রাখা হয়েছে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে।

সরকারি সূত্রে জানা গেছে, সরকার নিজেই চারটি যন্ত্র কেনার জন্য টাকা দিয়েছে; বিশ্বব্যাংক থেকে পাওয়া গেছে পঞ্চমটি কেনার টাকা।

কিন্তু এ যন্ত্রগুলো আমদানীর সময় বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের অনুমোদন নেওয়া হয়নি বলে তদন্তে দেখা গেছে। ১৯৯৩ সালের পারমাণবিক সুরক্ষা এবং তেজস্ক্রিয়তা আইন অনুসারে এধরনের ঝুঁকিপূর্ণ যন্ত্র আমদানী করতে আণবিক শক্তি কমিশনের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সুরক্ষিত জায়গার ব্যবস্থা করে ও কমিশনের যথাযথ অনুমোদন নেওয়ার পরই এসব যন্ত্র আমদানী করা যেতে পারে। কমিশনের নিয়ামানুযায়ী তেজস্ক্রিয়তা থেকে বাঁচতে এ ধরনের যন্ত্র বসানোর আগে পাঁচ ফিট পুরু মেঝে ও দেয়াল তৈরির প্রয়োজন আছে।

সূত্র জানিয়েছে, একটি বিশেষ মহল তড়িঘড়ি করে আণবিক কমিশনকে কিছু না জানিয়েই এ যন্ত্রগুলো আমদানির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।

কর্তৃপক্ষ যন্ত্রগুলো আমদানী করার আগে এ বিষয়গুলো তো ভাবেইনি, এমনকি একজন প্রশিক্ষিত অপারেটর ও চিকিৎসকও নিয়োগ করেনি। একজন প্রশিক্ষিত অপারেটর ও চিকিৎসক ছাড়া লাইনাক ব্যবহার করা ঝুঁকিপূর্ণ ও অকার্যকর। একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, সঠিক মাত্রায় লাইনাক ব্যবহার করতে না পারলে তার পরিণাম হতে পারে ভয়াবহ।

কারিগরি মূল্যায়ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক আনিসুর রহমানের সঙ্গে যোগোযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, “এ বিষয়ে দক্ষ করে তোলার জন্য আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেছি”। আণবিক শক্তি কমিশনের অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এর জন্য আবেদন করছি”।

গোলমেলে দরপত্র

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, সর্বোচ্চ মূল্য হাঁকা সত্ত্বেও স্থানীয় প্রতিষ্ঠান ট্রেডভিশনকে এ কাজের দায়িত্ব দেওয়া হয়। ট্রেড ভিশন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ভেরিয়ান মেডিকেল সিস্টেমস এর কাছ থেকে যন্ত্রগুলো আমদানি করে। সর্বনিু দরদাতা নাতাশাকে বাদ দেওয়া হয়, “কারিগরি কারণ এবং ছোট ত্রুটি”র কারণ দেখিয়ে। সর্বোচ্চ দরদাতা সরবরাহে কাজটি পেয়েছেন ঘুষ দিয়ে, জানালেন ওই কর্মকর্তা। আরো জানা গেছে ভেরিয়ান সম্পর্কে কোনো তথ্যই মূল্যায়ন কমিটি আর কোনো দরদাতাকে জানতে দেয়নি। প্রতিটি যন্ত্রের সঙ্গে ট্রেড ভিশনের দরের এক থেকে দেড় কোটি টাকা পার্থক্য রয়েছে।

ট্রেড ভিশনের বিরুদ্ধে আরো অভিযোগ যে, একটি ক্ষেত্রে তারা সর্বাধুনিক মডেলটি দেওয়ার কথা বললেও ১৯৯১ সালের মডেলের যন্ত্র দিয়েছে। অধ্যাপক আনিসুর রহমান অবশ্য কোনোরকম অনিয়মের কথাই স্বীকার করেননি। ট্রেড ভিশনের পরিচালক মাহমুদ হাসানও কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।

স্বাস্থ্য সেবা অধিদপ্তরের পরিচালক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানিয়েছেন, পূর্বসুরীর কাজ সম্পর্কে তার কোনো ধারণা নেই। তবে তিনি বললেন, জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত বলে আগে থেকে দক্ষ লোকজন এবং সুরক্ষিত ঘরের ব্যবস্থা না করে এসব যন্ত্রের আমদানীর অনুমোদন দেওয়া ঠিক হয়নি।

এ প্রতিবেদক ই-মেইলে যোগাযোগ করেছিলেন ভেরিয়ান মেডিকেল সিস্টেমস এর সিনিয়র কমিউনিকেশন অফিসার নেইল মেডলের সঙ্গে। মেডলে জানান, এসব যন্ত্রপাতি পরিচালনার জন্য চারজনকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লাইনাক যন্ত্র বসানো নিয়ে তিনি বলেন, সঠিকভাবে কাজটি করার জন্য ইতিমধ্যেই প্রকৌশলীদের পাঠানো হয়েছে।