থানাগুলোতে আছে জোট সরকারের ওসিরাই
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বেশ কিছু রদবদল করা হলেও মাঠ পর্যায়ের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা অর্থাৎ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পর্যায়ে এযাবৎ কোন ধরনের পরিবর্তন আনা হয়নি।
নির্বাচনে ওসির ভূমিকার গুরুত্ব বিবেচনায় এর আগে গত তত্ত্বাবধায়ক সরকার ২০০১ সালে ক্ষমতা নেওয়ার পরপরই একযোগে সারা দেশের চার শতাধিক ওসি রদবদল করেন।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দ্বায়িত্ব নেওয়ার পর গত ২৯ অক্টোবর হতে সোমবার পর্যন্ত পুলিশ মহা পরিদর্শক, র্যাবসহ বিভিন্ন শাখা ও সংস্থার মহ্পারিচালক, বিভিন্ন মহানগর পুলিশ কমিশনার, এআইজি, ডিআইজি, ডিসি-এসপিসহ বিভিন্ন শীর্ষ পদে তিন দফায় রদবদল করা হয়।
সর্বশেষ সোমবার মোট ৩৩ জন ডিসি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাকে রদবদল করা হয়। এর মধ্যে ঢাকার আট জন উপ-কমিশনার(ডিসি) কে বিভিন্ন জেলার পুলিশ সুপার (এসপি) পদে এবং একজনকে সদর দপ্তরে পাঠানো হয়।
পুলিশের মহপরিদর্শক খোদা বখ্শ চৌধুরী অবশ্য বলেছেন দায়িত্বটা তার নয়,“ওসিরা মাঠ পর্যায়ের জন্য গুরুত্বপূর্ণ হলেও¡ বিষয়টি তত্ত্বাবধায়ক সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার।”
“যদি সরকার সিদ্ধান্ত নেয় তাহলে রদবদল হতেও পারে আবার নাও হতে পারে”, পুলিশ মহাপরিদর্শক জানান, “এ বিষয়ে আমার কিছুই বলার নেই।”
আইজি, কমিশনার, ডিসি ও এসপিদের পাশাপাশি চার শতাধিক ওসিকে একযোগে রদবদল করা হয়েছিল গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে।
পুলিশ সূত্র বলেছে, রদবদলের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু সরকার প্রধান ও রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিনের অধীনে, তাই তার মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সূত্রমতে, সরকার প্রধান ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরের প্রশাসন বিভাগ থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নামের তালিকা এবং তাদের বিস্তারিত তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ আইন অনুযায়ী, পুলিশের নিম্ন পর্যায় হতে সর্বোচ্চ অতিরিক্ত এসপি পর্যন্ত রদবদলের এখতিয়ার আইজিপির। এসপি হতে তার উচ্চ পর্যায়ের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।
পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করে জানাগেছে যে গত তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতার আলোকে কর্মকর্তারা আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। এর মধ্যে কেউ আবার কাঙ্খিত এলাকায় যাওয়ার জন্য তদবিরে ব্যস্ত। আর কেউ কেউ রয়েছেন বদলি আতঙ্কে। আর একারণে পুলিশ বিভাগের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানা গেছে।
