বিটিভির নিরপেক্ষতা নিয়ে বিতর্ক বৃদ্ধি
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সোমবার রাত আটটার খবর রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে চলমান বিতর্ক আরো উসকে দিয়েছে।
এ দিন রাত ৮ টার বাংলা সংবাদের শীর্ষ খবর ছিলো রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে বাংলাদেশে ইরানের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত।
এছাড়া পাঁচটি শীর্ষ সংবাদের মধ্যে দুটি ছিলো ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ নিয়ে, যা বিটিভির নিরপেক্ষতা নিয়ে চলমান বিতর্ক আরো উসকে দিয়েছে।
ঢাকায় বুলগেরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাত ছিলো দিনের দ্বিতীয় শীর্ষ সংবাদ। এছাড়া তৃতীয় শীর্ষ সংবাদ রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রধান মঈন ইউ আহম্মেদের বৈঠকের জন্য ২০ সেকেন্ড সময় বরাদ্দ করা হয়।
এর পর চতুর্থ ও পঞ্চম সংবাদ দুটি ছিলো ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের। এর জন্য ৪ মিনিটেরও বেশি সময় বরাদ্দ করা হয়।
নবম খবর হিসেবে ১৪ দলের সংবাদের জন্য ১ মিনিট বরাদ্দ করা হয়। আর পেশাজীবীদের সঙ্গে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার মতবিনিময় অনুষ্ঠানের জন্য বরাদ্দ করা হয় ৫০ সেকেন্ড সময়।
আন্তর্জাতিক এবং ক্রীড়া সংবাদ পরিবেশন করা হয় ৬ মিনিট ধরে।
এছাড়া নির্বাচন কমিশনের বৈঠক, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রদূতদের অভিনন্দন, জেল হত্যা দিবস এবং সড়ক দুর্ঘটনার খবরও প্রচার করা হয়।
