২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি লাইসেন্সের আবেদনপত্র আহ্বান তিন মাস স্থগিত

হাইকোর্ট সোমবার ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) লাইসেন্স প্রদানের জন্য আবেদনপত্র আহ্বান কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন। পাশাপাশি এ বিষয়ে আর কোনো পদক্ষেপ না নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ অভিন্ন এক্সচেঞ্জ (কমন প্ল্যাটফর্ম এক্সচেঞ্জ) স্থাপনের আগে ভিওআইপি লাইসেন্সের জন্য আবেদনপত্র আহ্বান কেন অবৈধ হবে না তার ব্যাখ্যা দিতে সরকার ও বিটিআরসির প্রতিও একটি রুল জারি করেছেন।

শুধু দেশব্যাপী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ভিওআইপি লাইসেন্স প্রদানের ব্যাপারে রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনের বৈষম্যমূলক নিয়মের ব্যাপারেও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ও কর্তৃপক্ষের কাছে হাইকোর্ট ব্যাখ্যা চেয়েছেন।

ডেফোডিল অনলাইন লিমিটেডের দায়ের করা দুটি পৃথক রিট আবেদন এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মইনুল হায়দার চৌধুরী, গ্লোবাল একসেস লিমিটেড ও সিরিয়াস ব্রডব্যান্ড বিডি লিমিটেডের জনস্বার্থে দায়ের করা অপর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এসব আদেশ জারি করেন।

আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন মামলা পরিচালনা করেন। অপরপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শওকাতুল হক।

আবেদনে বলা হয়, ২১ সেপ্টেম্বরের রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনে ন্যাশানওয়াইড আইএসপি ছাড়া সকল আইএসপিকে অবৈধভাবে ভিওআইপি লাইসেন্স থেকে বঞ্চিত করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, ইন্টারনেট এক্সচেঞ্জের অভিন্ন প্ল্যাটফর্ম স্থাপনের আগেই মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ২২ সেপ্টেম্বর বিটিআরসি অবৈধভাবে ভিওআইপি লাইসেন্সের জন্য আবেদনপত্র আহ্বান করে।