২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সার্থক করে তুলুন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ সুখী-সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল জাতি গঠনের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সার্থক করে তোলার জন্য সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 05:01 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বাণীতে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ, পরনির্ভরশীলতার পরিবর্তে স্বনির্ভর অর্থনীতি ও আত্মমর্যাদাশীল জাতি গঠন এবং বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা সমুন্নত করাই “জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আদর্শ ।

দলমত নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যবদ্ধভাবে এ আদর্শ বাস্তবায়ন করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, এতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত হয়ে ওঠার পাশাপাশি তা গণতন্ত্রকে শক্তিশালী ও অর্থনৈতিক অগ্রযাত্রাকে দ্রুত করে তুলবে।

রাষ্ট্রপতি বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক জনগণ ও সশস্ত্র বাহিনীর অকুতোভয় সদস্যরা দেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে ঐতিহাসিক সংহতি ও মহান বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রেখেছিল।