২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বক্তব্য জানতে মিডিয়া সেলে যোগাযোগ করুন: সাংবাদিকদের খোদা বখশ্

যেকোনো ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য জানতে হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার পরিবর্তে সাংবাদিকদের নবগঠিত মিডিয়া সেলের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) খোদা বখ্শ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

দায়িত্ব নেওয়ার পর সংবাদ মাধ্যমের সাথে প্রথম বৈঠকে মহাপরিদর্শক জানিয়ে দিলেন, সরকারের ও পুলিশ বিভাগের কার্যক্রমে ব্যাঘাত ঘটানো এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট না করার জন্য তিনি পাঁচ সদস্যের সমন্বয়ে এই নতুন মিডিয়া সেলটি গঠন করেছেন।

পুলিশ সদর দপ্তরে রোববার বিকেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

একজন অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শকের (এআইজিপি) নেতৃত্বে এই মিডিয়া সেলটি ২৪ ঘন্টা কাজ করবে বলে আইজিপি জানান।

পুলিশ ও র‌্যাবের অব্যাহত ক্রসফায়ার, দলীয় বিবেচনায় রদবদল ও পদোন্নতিসহ বিভিন্ন ষ্পর্শকাতর প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে আইজিপি দ্রুত সংবাদ সম্মেলন শেষ করে দেন। এর আগে তিনি পুলিশ বিভাগের নানা দুর্বলতা, প্রতিবন্ধকতা ও সমস্যার কথা স্বীকার করেন এবং সব কথা না প্রকাশের অনুরোধ করেন।

এক প্রশ্নের জবাবে খোদা বখ্শ বললেন কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা প্রথমে মিডিয়াসেলকে অবহিত করবেন এবং পরে সাংবাদিকরা মিডিয়া সেল থেকে তথ্য সংগ্রহ করে নেবেন।

আইজিপি হিসেবে দাায়িত্ব গ্রহনের পর এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে সন্ত্রাস বিরোধী তৎপরতা এবং সন্ত্রাসী ও তাদের গডফাদারদের গ্রেফতারের ব্যাপারে তার নতুন পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তা তিনি কৌশলে এড়িয়ে যান।