সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রাজনৈতিক সহিংসতা এড়াতে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ কোন লিখিত নোটিস ছাড়াই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার থেকে কলেজ প্রশাসন সকল বিভাগের একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেয়।
কলেজের বিভিন্ন গেটে এবং ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যাপক পুলিশী পাহারা বসানো হয়েছে। শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স পর্বের ছাত্রছাত্রীদের তল্লাশি করে ফরম পূরণের জন্য ঢুকতে দেওয়া হচ্ছে। সকাল থেকে অনার্স ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা কলেজ গেটে এসে ঢুকতে না পারায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ছাত্রছাত্রীরা জানায়, শনিবার সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে অবস্থান নেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের ধারণা। শিক্ষকরা জানান, মাস্টার্মের ফরম পূরণের কারণে শিক্ষকরা ব্যস্ত থাকবেন বলে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করার বিষয়ে তারা কোন মন্তব্য করতে রাজী হননি।
কলেজটির অধ্যক্ষ অধ্যাপক এস এম গাজীউর রহমান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, জেলা প্রশাসনের চাপে ও রাজনৈতিক সহিংসতা এড়াতে কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে মাস্টার্স পর্বের ছাত্রছাত্রীদের ফরম পূরণের জন্য রোববার ও সোমবার খোলা রাখা হবে।
