কিশোরগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ২০
মাছ ধরাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন শনিবার দুপুরে করিমগঞ্জ উপজেলার করমশ্রী গ্রামে।
আহতদের মধ্যে আল-আমিন (১৬), কাইয়ূম (২৮), রুকন উদ্দিন (৩৪), আব্দুল হাই (৪৮) এবং আহাদের (৪৪) অবস্থা গুরুতর। তাদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, করমশ্রী গ্রামের ধলুয়া বিলের মালিকানা নিয়ে নজরুল ইসলাম এবং আমির উদ্দিনের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে নজরুল ইসলামের লোকজন বিলে মাছ ধরতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের বাধা দেয়। এতে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
