২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভির ৮টার সংবাদে শুক্রবার প্রাধান্য ছিল বিদেশি সংবাদের

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সংবাদ প্রচারে বেশ কয়েকদিন ধরে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেলেও শুক্রবার বেশি প্রাধান্য ছিল বিদেশি সংবাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

রাত ৮টার সংবাদে প্রচারিত মোট ২২টি খবরের অর্ধেকই ছিল বিদেশি ও খেলার খবর। এরমধ্যে নয়টি বিদেশি আর দুটি খেলার খবর প্রচার করা হয়। সময়ের হিসেবে ১৫ মিনিটের সংবাদে আট মিনিট জুড়ে ছিল এসব খবর। শিরোনামে প্রথমেই ছিল বৃহস্পতিবার রাতে সুধা সদনে দুই উপদেষ্টা যাওয়ার প্রতিবাদে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সংবাদ সম্মেলন। এই খবরটির স্থায়ীত্ব ছিল এক মিনিট।

এরপরেই ছিল জেলহত্যা দিবস উপলক্ষে পল্টন ময়দানে ১৪ দলের মহাসমাবেশের খবর। স্থায়ীত্ব ছিল ১ মিনিট ২০ সেকেন্ড।

লক্ষ্যণীয় হলো, এরশাদের জাতীয় পার্টির চারদলীয় জোটে যোগ দেওয়ার চেয়ে বিটিভির কাছে বেশি প্রাধান্য পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের আলোচনা সভার খবর।

সংবাদে সবচেয়ে বেশি সময় ধরে প্রচার করা হয় আফ্রিকার দেশগুলোর বেইজিং সম্মেলনের খবর। খবরের স্থায়ীত্ব ছিল ১ মিনিট ৪৫ সেকেন্ড।

সংবাদের শেষ পর্যায়ে এক মিনিট ৩৫ সেকেন্ড ধরে প্রচার করা হয় বিগত সরকারের ‘সাফল্যের’ ইঙ্গিত দিয়ে প্রচার করা চট্টগ্রামে গড়ে তোলা ইকো পার্কের খবর।