চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
শহরের মসজিদ পাড়া ও রামকৃষ্টপুরের দু’দল সন্ত্রাসীর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষে ১ পুলিশসহ ১০ জন আহত হয়েছে।
শহরের বড় ইন্দারা মোড়ে নোবেল ইলেক্ট্রনিক্সের মালিক নোবেল ও ওই দোকান ঘরের মালিক হাম্মাদের সঙ্গে বিবাদের জের ধরে এই সংঘর্ষ হয়।
প্রায় এক ঘন্টার এই সংঘর্ষে ৬টি বোমারও বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পৌছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশপাশের দোকান মালিকরা জানান, নোবেল ইলেকট্রনিক্সের সামনে একটি টেবিল রেখে পল্লী ফোনের ব্যবসা করাকে কেন্দ্র করে দোকান ঘর মালিক হাম্মাদের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে নোবেলের বিবাদ হয়।
এর পর সন্ধ্যায় নোবেলের এলাকা মসজিদ পাড়া ও হাম্মাদের এলাকা রামকৃষ্টপুরের সন্ত্রাসীরা লাঠিসোটা, ইট পাটকেল ও বোমা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
আহত দশজনের মধ্যে মসজিদ পাড়ার ইব্রাহিম ও কামালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
সহকারি পুলিশ সুপার শহীদুল হক জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
