গাজীপুরে চার হাজার বোতল ফেনসিডিল উদ্ধার
জেলার কালিয়াকৈর থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর সূত্রাপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি ফিলিং স্টেশনের কাছ থেকে ট্রাক বোঝাই ৩ হাজার ৭৫৭ বোতল ফেনসিডিল আটক করেছে।
নিষিদ্ধ ফেনসিডিলের বোতলগুলো একটি ট্রাকে চাল ও কুড়ার বস্তার ভেতরে লুকানো ছিল। পুলিশ ট্রাকের (বরিশাল ট-০২-০০১২) চালক সোলাইমান বিশ্বাসকে (৩০) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সোলাইমান জানান, বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারো রাস্তা বাজার এলাকায় সহযোগীদের নিয়ে তিনি ফেনসিডিলগুলো ট্রাকে উঠান। বিশেষ কৌশলে ফেনসিডিলের ওপর ৫০ বস্তা চাল ও কুড়া উঠানো হয়।
তিনি আরও জানান, ফেনসিডিলের চালানটি ঢাকার বাবু বাজারে পৌঁছানোর দায়িত্ব তার ছিল। পথে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া চেকপোস্টে সকাল ১১ টার দিকে পুলিশ ট্রাকটি আটক করে। সেখানে কর্তব্যরত পুলিশকে ঘুষ দিয়ে তল্লাশি ছাড়াই ট্রাক নিয়ে আসেন।
কালিয়াকৈর থানার সেকেন্ড অফিসার শওকত জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুত্রাপুরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের কাছে পুলিশ ট্রাকটি আটক করে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিকেলে গাজীপুরের পুলিশ সুপার শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
