বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের সমাবেশ অনুষ্ঠিত
বোয়ালমারী উপজেলা সদরে বিএনপির দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করার প্রেক্ষাপটে গ্রুপ দুটি অন্যত্র সমাবেশ করেছে।
বিএনপির শাহজাফর গ্রুপ বিকেলে বাজারের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ ডাকে। এর পরপর বিএনপির অপর অংশ কাজী সিরাজুল ইসলামের সমর্থকরা নিউমার্কেট এলাকায় পাল্টা সমাবেশ ডাকে। এতে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনাকাংখিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
এ কারণে শাহজাফর গ্রুপ স্টেশন রোড এবং কাজী সিরাজুল ইসলামের সমর্থকরা মহিলা কলেজ মাঠে সমাবেশ করে।
মহিলা কলেজ মাঠে কাজী সিরাজ গ্রুপের সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল হক মন্টু। বক্তব্য রাখেন কাজী সিরাজুল ইসলাম, নাসিরুল ইসলাম, মোজাফফর হোসেন চুন্নু, ইদ্রিস আলী প্রমুখ।
স্টেশন রোড এলাকায় শাহ জাফর গ্রুপের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম কামাল। বক্তব্য রাখেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আশরাফুজ্জামান মুকুল, মাহবুব রশীদ প্রমুখ।
সমাবেশ শেষে দুই গ্রুপই মিছিল বের করে।
