হবিগঞ্জে যুবদল নেতার মৎস্য খামার থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার চৌধুরীর ছেলে যুবদল নেতা যোবায়ের চৌধুরীর মৎস্য খামার থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় খামারের দুই দারোয়ানকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন মঞ্জীল (৩০) ও মকবুল হোসেন (৩৮)। এ ঘটনায় আজমিরীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে আজমিরীগঞ্জ থানার শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এনামুল হকের নেতৃত্বে একদল পুলিশ ওই যুবদল নেতার মৎস্য খামারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/৯ জন পালিয়ে যায়।
এ সময় পুলিশ দেশীয় দুটি পাইপগান ও ২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
এদিকে অভিযুক্ত যুবদল নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন, তার কাছে অস্ত্রের লাইসেন্স রয়েছে। তিনি পুলিশ সুপারকে তা দেখিয়েছেন বলেও জানান।
