প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে অর্থনীতি
ঈদের ছুটি ও সহিংস রাজনৈতিক পরিস্থিতির কারণে গত এক সপ্তাহ ধরে অচল হয়ে থাকা অর্থনীতি মঙ্গলবার থেকে প্রাণচাঞ্চল্য ফিরে পেতে শুরু করেছে।
ঈদের চার দিন ছুটি এবং পরবর্তী তিন দিনের রাজনৈতিক সহিংসতায় দেশের অর্থনীতি থমকে দাঁড়ায়। সহিংসতায় সারা দেশে কমপক্ষে ২৫ জনের প্রাণহানী এবং শত শত লোক আহত হয়।
উদ্ভূত এই রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের প্রধান সমুদ্র বন্দরের পাশাপাশি বিভিন্ন স্থল বন্দরে তীব্র জটের সৃষ্টি হয়। ফলে কার্যত আচল হয়ে পড়ে সমুদ্র ও স্থল বন্দরগুলো।
এই সহিংসতা চলতে থাকলে আগামীতে আরো বিপুল অংকের আর্থিক ক্ষতি হবে বলে ব্যবসায়ীরা আশংকা প্রকাশ করেন।
এর আগে দেশের তৈরি পোশাক প্রস্তুতকারীদের শীর্ষ সংস্থা বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক এই অস্থিরতার কারণে তাদের দৈনিক প্রায় ২০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এর মধ্যে উৎপাদন ক্ষতির পরিমান ১০০ কোটি টাকা।
সর্বশেষ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় সাড়ে ১০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৭৬ শতাংশই আসে ওভেন ও নীট পণ্য রপ্তানি খাত থেকে।
বাংলাদেশ নীটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, এই রাজনৈতিক সহিংসতা চলতে থাকলে আমাদের প্রতিদিন ১০০ কোটি টাকারও বেশি ক্ষতি হবে।
ওভেন ও নীটওয়্যার প্রস্তুতকারকরা জানান, সবগুলো কারখানায় মঙ্গলবার কাজ শুরু হয়েছে।
নগরীর প্রায় ৩ লাখ ব্যবসায়ীর প্রতিনিধিত্বকারী ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন আহম্মেদ নফহবংি২৪.পড়স কে বলেন, “শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশব্যাপী চলা সহিংসতার কথা আমরা এখন আর চিন্তা পর্যন্ত করতে চাই না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি।”
তিনি বলেন, বিপণীবিতানগুলো বন্ধ থাকলে দোকান মালিকদের বিপুল অংকের আর্থিক ক্ষতি হবে।
হেলালউদ্দিন বলেন, “অন্যান্য পরিচালনা ব্যায়ের পাশাপাশি ব্যাংকের সূদ পরিশোধসহ কর্মচারীদের জন্য আমাদের টাকা গুনতে হচ্ছে।”
দৈনিক বিক্রির উপরই তারা সম্পূর্ণভাবে নির্ভরশীল বলেও তিনি জানান।
