নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সোমবার এক বিবৃতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শরিফ উল্লাহ ভূইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি নিজেই একজন শ্রদ্ধাভাজন শিক্ষক ও গবেষক। আজ তিনি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তিনি আজ শুধু রাষ্ট্রপ্রধানই নন, সরকার প্রধানও। তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও নির্দলীয় করে দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আজ সমগ্র জাতির প্রত্যাশা। তিনি দল-মতের উর্দ্ধে উঠে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্র ও সরকার পরিচালনা করে চলমান সঙ্কট ও অচলাবস্থার নিরসন ঘটিয়ে দেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অবদান রাখবেন, এটাই আমাদের এ মুহুর্তের দাবি।
