২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সংঘর্ষে বাদশাসহ শতাধিক আহত

রাজশাহীতে সোমবার বিকেলে শিবির--বিএনপির সশস্ত্র কর্মীদের সাথে ১৪ দলের নেতা--কর্মীদের সংঘর্ষে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশাসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বাদশা বর্তমানে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে ক্লিনিক সূত্রে জানা গেছে।

তিনি জামাত শিবিরের সশস্ত্র কর্মীদের নিক্ষিপ্ত বোমায় আহত হন। তার শরীরের কয়েকটি স্থানে বোমার টুকরো আঘাত করে বলে দলীয় সুত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তিন ঘণ্টার সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক আহত হয়। সে সময় রাজশাহীর আলুপট্টি থেকে সোনাদিঘি মোড় পর্যন্ত প্রায় দেড় কিমি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

শিবির বিএনপির সশস্ত্র ক্যাডাররা সাহেব বাজারে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপসহ ভাংচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়ে।

তারা অভিযোগ করেন, ব্যাপক সংঘর্ষের সময় পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, বিকাল সোয়া ৩টার দিকে শিবিরের একটি বিক্ষোভ মিছিল হেতেম খাঁ জামে মসজিদ থেকে বের হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশ শুরু করে। বিকাল ৪টার দিকে সমাবেশের শেষ পর্যায়ে মহানগর শিবির সভাপতি রোকনুজ্জামানের বক্তব্যের শেষ পর্যায়ে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা সাহেব বাজারের দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। সেখানে নেতা--কর্মীদের সাথে কথা বলার সময় শিবিরের ১০/১২ জন সশস্ত্র কর্মী তাকে লক্ষ্য করে ৩/৪টি হাতে তৈরি বোমা নিক্ষেপ করে। এতে বাদশাসহ উপস্থিত ১০ জন আহত হন।

এ সময় দারোগা আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাদশাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।

এদিকে বাদশার ওপর বোমা হামলার খবর নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে পৌঁছালে সেখানে মিছিলের জন্য আগে থেকেই অপেক্ষমান তিন শতাধিক ১৪ দল নেতা--কর্মী দ্রুত লাঠি--সোটা ও ইটপাটকেল নিয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে হাজির হয় এবং শিবির কর্মীদের ধাওয়া করে। শিবির কর্মীরা পশ্চিম দিকে সামান্য সরে গিয়ে আগে থেকেই কয়েকটি ব্যাগে নিয়ে আসা বোমার বিস্ফোরণ ঘটাতে থাকে।

শিবির কর্মীদের বোমার জবাবে ১৪ দল নেতা--কর্মীরাও তাদের লক্ষ্য করে পাল্টা বোমা নিক্ষেপ করতে থাকে। এ সময় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মুহূর্তের মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়।

এক পর্যায়ে শিবির কর্মীরা সোনাদিঘি মোড়ে বিএনপি অফিসের কাছে অবস্থান নেয়।

এর কিছুক্ষণ পর যুবদল ও ছাত্রদলের নেতা--কর্মীরা শিবির কর্মীদের সাথে যোগ দিয়ে ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে সোনাদীঘি মোড় থেকে সাহেব বাজারের দিকে আসে এবং জিরো পয়েন্টে অবস্থানরত ১৪ দল নেতা--কর্মীদের ওপর হামলা করে। এ সময় রাস্তার উভয় দিকে শতাধিক পুলিশের উপস্থিতি ছিল।

এ সময় ১৪ দল নেতা--কর্মীরাও পাল্টা বোমা নিক্ষেপ করতে করতে শিবির ছাত্র ও যুবদল ক্যাডারদের ধাওয়া করলে আরডিএ মার্কেটের সামনে উভয় পক্ষের মধ্যে আধা ঘণ্টা ধাওয়া--পাল্টা ধাওয়া চলে।

বিকেল ৫টার দিকে এক পর্যায়ে ১৪ দল নেতা--কর্মীরা প্রতিপক্ষ শিবির ছাত্র ও যুবদল ক্যাডারদের ধাওয়া দিয়ে সোনাদীঘি মোড় পার করে রাজশাহী কলেজের গেটের সামনে নিয়ে গেলে শেষ মুহূর্তে পুলিশ অ্যাকশনে নামে।

পুলিশের সহকারী কমিশনার ইয়াসমিন ও বোয়ালিয়া থানার ওসি আসলাম ইকবালের নেতৃত্বে শতাধিক পুলিশের একটি দল আরডিএ মার্কেটের ভেতর থেকে রাস্তার মাঝখানে অবস্থান গ্রহণ করে। পুলিশ  শতাধিক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষ পর্যন্ত আরো শতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট দখলে নেয়।

সংঘর্ষ প্রায় থেমে গেলে র‌্যাবের ১০টি গাড়ী ঘটনাস্থলে গিয়ে কর্তব্যরত সাংবাদিকদের লক্ষ্য করে তাড়া  করে। র‌্যাব ইনকিলাবের সাংবাদিক আদিলকে লাঠিপেটা করে। সাংবাদিকরা র‌্যাবের এই আচরণের প্রতিবাদ করলে পুলিশের হস্তক্ষেপে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যায়। র‌্যাব সদস্যরা পলায়নপর পথচারী ও দোকানদারদেরও পেটায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সন্ধ্যার পরপরই র‌্যাবের সদস্যরা সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলসহ পুরো নগরী জুড়ে উত্তেজনা বিরাজ করছিল।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জামায়াত শিবির ছাত্র ও যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা বিনা উস্কানীতে ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের নেতা--কর্মীদের ওপর বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করেছে। এতে ১৪ দলের ৫০ জন নেতা--কর্মী আহত হন।

এদিকে রাতে রাজশাহী মহানগর শিবিরের সভাপতি রোকনুজ্জামান দাবি করেন, ১৪ দলের হামলায় শিবির ছাত্র ও  যুবদলের ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর বলে তিনি দাবি করেন। আহতদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোয়ালিয়া থানার ওসি আসলাম ইকবাল বলেন,পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সাহেব বাজার জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।