সদ্য পদোন্নতি প্রাপ্ত কয়েকজনকে শেষ মুহূর্তে পদায়ন
জোট সরকারের দায়িত্ব হস্তান্তরের পূর্ব মুহূর্তে রোববারও বেশ কয়েকজন সদ্য পদোন্নতি পাওয়া সচিবকে পদায়ন করা হয়েছে।
ঈদের ছুটির মধ্যে পদোন্নতি পাওয়া এসব সচিবের পদায়নের ফাইলে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রোববার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারী করা হয়।
এদিকে শনিবার রাতে সরকারি ছুটির দিনে পেছনের তারিখ দেখিয়ে সংস্থাপন সচিব ড. মাহবুবুর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলীর আদেশ জারী করা হয়েছে। ওই আদেশের কপি শনিবার রাতেই তার বাসায় পৌঁছে দেয়া হয়। একই সাথে বস্ত্র ও পাট সচিব এএফএম সোলায়মান চৌধুরীকেও একই রাতে সংস্থাপন সচিব হিসেবে বদলীর আদেশ পৌঁছে দেয়া হয় বলে জানা গেছে।
এদিকে নতুন করে পদায়ন পাওয়া সচিবদের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মর্তুজা হোসেন চৌধুরী, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আব্দুল ওহাব, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবিএম আব্দুল হক চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এহসান উল ফাত্তাহ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শেখ এনায়েতুল্লাহ নিজ নিজ পদে বহাল রাখা হয়েছে। এর আগে তারা ওই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ছাড়া পরিবহন কমিশনার ওসমান গণিকে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শেখ ওয়াহিদুজ্জামানকে যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক করা হয়েছে।
সদ্য পদোন্নতি পাওয়া সচিব তাঁত বোর্ডের চেয়ারম্যান আকরাম হোসেনকে রোববার পর্যন্ত কোন দপ্তর দেয়া হয়নি।
এদিকে কৃষি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) নিয়াজুল হককে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
