বাগেরহাটে বিএনপি--আ. লীগ সংঘর্ষে নিহত ১, আহত ২০
বাগেরহাটে শনিবার রাতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে আসাদুর রহমান (৪২) নামে এক বিএনপি সমর্থক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ নেতাকর্মী। আহতদের মধ্যে তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুই জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে ১৪ দলের মিছিল থেকে সমর্থকরা জেলা বিএনপি সভাপতি এমএএইচ সেলিম এমপির প্রতিষ্ঠান বেলায়েত হোসেন ফাউন্ডেশনসহ বিএনপির তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আরও কয়েকটি কার্যালয়ে হামলা চালায়। এর এক ঘন্টার মধ্যে চারদলীয় ঐক্যজোটের একটি মিছিল শহরের সাধনা মোড়ে পৌঁছালে বিএনপির সশস্ত্র কর্মীরা রেলরোড আওয়ামী লীগ কার্যালয়ে হামলার চেষ্টা চালালে সংঘর্ষ ব্যাপক আকার নেয়। এক পর্যায়ে লাইট হলের সামনে রাস্তায় আসাদকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে জেলা শ্রমিক দল নেতা মিলন মিনা (৪০) ও যুবদল নেতা দুলাল (২৮) কে বাগেরহাট সদর হাসপাতালে এবং শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবু (২৫), অনুপ কর (২২) ও শ্রমিক লীগ নেতা এমাদুল (২৯) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আসাদুর রহমান শহরের হরিণখানা এলাকার মৃত শেখ ইবাদ আলীর ছেলে। তিনি বাগেরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার। বাগেরহাট সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. জুবায়ের জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
