২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে যথাযথ মর্যাদায় ঈদুল ফিতর পালিত

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর শুক্রবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-ফিতর পালন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 12:44 AM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে।

অসুস্থতার কারণে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহ ময়দানে চেয়ারে বসে নামাজের আগে খুতবা শোনেন। পরে তিনি জামাতে দাড়িয়ে নামাজ আদায় করেন।

এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ, কাকরাইল জামে মসজিদসহ নগরীর প্রায় ৩৫০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা, শান্তি সমৃদ্ধি ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানসহ সব জাতির সুখ-শান্তি ও স্বস্তি আর আখেরাতের মুক্তি কামনা করে মহান আল্লাহতালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের প্রথম জামাত অনুণ্ঠিত হয় বায়তুল মোকাররমে সকাল সাড়ে ৭টায় এবং সোয়া ১১টায় শেষ জামাত অনুষ্ঠিত হয়। এখানে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেটে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। জামাতে দেশের বিভিন্ন স্থানের কয়েক লাখ লোক শরীক হন। 

ঈদের নামাজ আদায়ের পর উঁচু নীচু, ধনী--দরিদ্র, সকল ভেদাভেদ ভুলে মসুলমানরা মোলাকাত করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সাম্য ও মৈত্রীর এক অপরূপ দৃশ্যের অবতারণা ঘটে। ভাস্বর হয়ে উঠে যেন দ্বীন ইসলামেরই মর্মবাণী ।

এছাড়া রকমারি খাবারের আয়োজন, বাহারি পোশাক পরিধান আর আত্মীয়--পরিজন, পাড়া-পড়শীর সঙ্গে দেখা--সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় প্রভৃতির মধ্য দিয়ে উৎসব আরো প্রানবন্ত হয়ে ওঠে।

অনেককেই পরলোকগত পিতা--মাতা, আত্মীয়--পরিজনের কবরে গিয়ে তাদের রুহের মাগফেরাত করে মোনাজাত করতে দেখা যায়।

বায়তুল মোকাররমের খতিব মাওলানা ওবায়দুল হকের ইমামতিতে রাজধানীর প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পৃথক পৃথকভাবে বাণী দিয়েছেন।

ঈদের দিন বুধবার সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা আলাদা আলাদাভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বঙ্গভবনে সকাল ১০টায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ইয়াজউদ্দিন আহম্মেদ ।

এছাড়া খালেদা জিয়া সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ভবন এবং হাসিনা সকাল সাড়ে ৯টায় ধানমন্ডির ৩ নং সড়কে দলীয় কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদ উপলক্ষে ঢাকা মহানগরীকে মনোরমভাবে সাজানো হয়েছে। বিভিন্ন হাসপাতাল, এতিমখানা, কারাগার, দুঃস্থ কল্যাণ কেন্দ্র ও সরকারি শিশু সদনে উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিশু পার্কে প্রবেশ, বিনোদন, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।

বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা এবং জাতীয় সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

যে কোনও ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়।