বিএনপি আজিজের নাম প্রস্তাব করেছিল: হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, কে এম হাসানের পরিবর্তে তত্ত্বাধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিএনপি মহাসচিব মান্নান ভুঁইয়া এম এ আজিজের নাম প্রস্তাব করেছিলেন। “কিন্তু আমরা তা গ্রহণ করিনি।”
ধানমন্ডির নিজ বাসভবনে ১৪ দলের সঙ্গে দুই ঘন্টার বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিং-এ কেন আজিজের নাম প্রত্যাখান করা হয়েছে, এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একটি লাভজনক পদ। তাকে আরেকটি লাভজনক পদ দেওয়া ঠিক হবে না। কেননা তা সংবিধান বিরোধী।
আজিজকে একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে অভিহিত করে তিনি বলেন, সিইসির বিরুদ্ধে এখনো আদালত অবমননার অভিযোগ রয়েছে।
বিরোধী দলীয় নেত্রী বলেন, এরপর মান্নান ভুঁইয়া আবারো কে এম হাসানের নাম প্রস্তাব করেন। তিনি আরো বলেন, জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে হাসানের পরিবর্তে বিরোধী দল যেকোন ব্যক্তিকে মেনে নেবে।
এসময় তাঁকে প্রশ্ন করা হয় সংলাপ কি তাহলে ব্যর্থ হয়েছে? জবাবে হাসিনা বলেন, “সংলাপের ব্যাপারে আমরা ধৈর্য্যরে পরিচয় দেবো। তারপরও কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানানো হলে ২৭ অক্টোবর মধ্যরাতের পর আমরা
আমরা বৈঠা-লগি নিয়ে ঢাকা অভিযান শুরু করবো।”
শেখ হাসিনার উপস্থিতিতে এই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফরুল্লাহ ও বিমল বিশ্বাস। বৈঠক শুরু হয় রাত প্রায় পৌঁনে ৮ টায়। শেষ হয় রাত প্রায় পৌঁনে ১০ টায়।
